ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় পাচ্ছেন না অধিকাংশ বাংলাদেশি আবেদনকারী

ছবি: সংগৃহীত
ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেও আন্তর্জাতিক সুরক্ষা পাচ্ছেন না অধিকাংশ বাংলাদেশি আবেদনকারী। দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশি আবেদনকারীদের সুরক্ষা স্বীকৃতির হার মাত্র ৭.৪ শতাংশ। অর্থাৎ, প্রতি ১০০ জন আবেদনকারীর মধ্যে গড়ে প্রায় ৯৩ জনের আবেদনই প্রত্যাখ্যাত হচ্ছে।
ফ্রান্সের শরণার্থী ও রাষ্ট্রহীন ব্যক্তিদের সুরক্ষাবিষয়ক দপ্তর-এর ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন সূত্রে জানা যায়, গত বছর বাংলাদেশ থেকে প্রথমবারের মতো রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন ৩ হাজার ৮১৬ জন। ২০২৪ সালের তুলনায় এই সংখ্যা ৩৬.৭ শতাংশ কম। তবে প্রথম আবেদন, পুনর্বিবেচনা ও পুনরায় খোলা আবেদন মিলিয়ে বাংলাদেশ থেকে মোট ৪ হাজার ৫৩৪টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ৩৯৩ জন শরণার্থী মর্যাদা বা সাবসিডিয়ারি প্রটেকশন পেলেও ৪ হাজার ৯০৭টি আবেদন সরাসরি বাতিল করা হয়েছে।
অফপ্রা এবং ফরাসি জাতীয় আশ্রয় আদালত (সিএনডিএ)-এর তথ্যানুযায়ী, যেখানে ফ্রান্সে সার্বিক সুরক্ষা স্বীকৃতির গড় হার ৪১.২ শতাংশ, সেখানে বাংলাদেশিদের ক্ষেত্রে তা আশঙ্কাজনকভাবে কম।
সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশকে 'নিরাপদ উৎস দেশ' হিসেবে অন্তর্ভুক্ত করায় ফরাসি কর্তৃপক্ষ এখন আবেদনগুলো অত্যন্ত কঠোরভাবে যাচাই-বাছাই করছে। নিজ দেশে রাজনৈতিক নিপীড়ন বা গুরুতর ঝুঁকির পর্যাপ্ত ও বিশ্বাসযোগ্য তথ্য-প্রমাণ দিতে না পারায় অধিকাংশ আবেদন বাতিল হয়ে যাচ্ছে।
অভিবাসন বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, অসত্য তথ্য ও ভিত্তিহীন অভিযোগ এনে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করলে ব্যক্তির ক্ষতির পাশাপাশি বিদেশে দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়। তাই দালালদের প্রলোভনে না পড়ে বৈধ উপায়ে বিদেশে গমনের পরামর্শ দিয়েছেন তারা।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







