প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তাকে দুইবার ফোন করে ‘সব ফাঁস’ করে দেওয়ার হুমকি দিয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি দাবি করেন, বৃহস্পতিবার বিকেলে নাসীরুদ্দীন পাটওয়ারী তাকে ফোন করে অনুরোধ করেন, তিনি যেন তার বিরুদ্ধে আর কোনো বক্তব্য না দেন। জবাবে রাশেদ খাঁন বলেন, নাসীরুদ্দীন প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী, কন্যা ও মন্ত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা বন্ধ করলে তিনি বিষয়টি বিবেচনা করবেন। তার দাবি, নাসীরুদ্দীন তখন জানান, তিনি এ বিষয়ে গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন এবং ভবিষ্যতে এমন মন্তব্য করবেন না।

রাশেদ খাঁনের ভাষ্য অনুযায়ী, পরে রাতেও নাসীরুদ্দীন আবার ফোন করে বলেন, ‘আমি কিন্তু সব বলে দেবো। আমাদের (নাহিদ-আসিফ) কাছে এসে আপনি ৫ লাখ করে টাকা নিয়ে যেতেন। আমি সব ফাঁস করে দেবো।’

এর জবাবে তিনি তাকে সব তথ্য প্রকাশ করার আহ্বান জানান। একই সঙ্গে নাসীরুদ্দীন তার বিরুদ্ধে ফ্ল্যাট কেনা এবং এসব থেকে বাঁচতেই বিএনপিতে যোগ দেওয়ার অভিযোগও তুলেছেন বলে দাবি করেন রাশেদ খাঁন।

তবে এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে রাশেদ খাঁন বলেন, তার কোনো ফ্ল্যাট নেই এবং তিনি নাহিদ বা আসিফের কাছ থেকে কোনোদিন এক টাকাও নেননি। তিনি আরও বলেন, তার সম্পর্কে যে তথ্যই থাকুক, তা প্রকাশ করে দেওয়ার জন্য তিনি নাসীরুদ্দীনকে বলেছেন।

ফেসবুক পোস্টের শেষাংশে রাশেদ খাঁন উল্লেখ করেন, প্রথম ফোন পাওয়ার পর তিনি ভেবেছিলেন নাসীরুদ্দীন হয়তো নিজের ভুল বুঝতে পেরেছেন। কিন্তু পরদিন আবার তার বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় তিনি হতাশ হয়েছেন বলে জানান।

উল্লেখ্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আনা এসব অভিযোগ রাশেদ খাঁনের ব্যক্তিগত ফেসবুক পোস্টভিত্তিক দাবি। এ বিষয়ে এনসিপি বা নাসীরুদ্দীন পাটওয়ারীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রাইমটিভি/এমআর