দেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: স্থানীয় সরকারমন্ত্রী

ছবি:সংগৃহীত
দেশে ধর্মের নামে কোনো বিভাজনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যারা মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে যেতে চায়, তারা বাংলাদেশকে বিশ্বাস করে না।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর কাকরাইলে সম্মিলিত সনাতন পরিষদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ধর্মকে কেন্দ্র করে দেশে বিভাজন সৃষ্টির কোনো সুযোগ নেই। সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে।
তিনি বলেন, “বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদার দেশ। ধর্মকে কেন্দ্র করে বিভেদ সৃষ্টি করে কেউ যেন সমাজে অস্থিরতা তৈরি করতে না পারে, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে। আমি কখনোই আপনাদের সংখ্যালঘু মনে করি না। আপনারা এ দেশের সন্তান, এ দেশের নাগরিক।”
মির্জা ফখরুল আরও বলেন, অতীতে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হওয়ায় সব নাগরিকের অধিকার নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে বর্তমান সরকার ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা ও সমঅধিকার নিশ্চিত করতে কাজ করছে।
এ সময় তিনি উগ্রবাদ ও মৌলবাদকে কোনো ধরনের প্রশ্রয় না দিয়ে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




