চব্বিশের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগের কবর হয়েছে: সারজিস আলম

ছবি:সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগের কবর হয়েছে।’ একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিএনপি যদি স্বৈরাচারী আচরণ করে, তবে তাদের বিরুদ্ধেও এনসিপি সোচ্চার থাকবে।
শুক্রবার (৩১ জুলাই) সিলেটের কোম্পানীগঞ্জে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, বিএনপি যদি স্বৈরাচার হতে চায়, তাহলে জনগণ তা হতে দেবে না। চাঁদাবাজি ও টেন্ডারবাজির কারণে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে এনসিপি ধারাবাহিকভাবে কথা বলবে। তিনি আরও অভিযোগ করেন, বিএনপি সরকারি প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে এবং এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে কেউ ছাড় পাবে না।
তিনি বলেন, এনসিপির লড়াই কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, বরং অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে। দেশকে লুটপাটের হাত থেকে রক্ষা করা না গেলে সংশ্লিষ্টদেরও ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশে চাঁদাবাজি ও ঘুষের সংস্কৃতি বন্ধ করতে হবে। তিনি অভিযোগ করেন, সরকারের পক্ষ থেকে এনসিপির সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করা হচ্ছে। তিনি জনগণকে চাঁদা ও ঘুষ না দেওয়ার আহ্বান জানান এবং দাবি করেন, এনসিপি শুধু জনগণের স্বার্থেই রাজনীতি করছে।
সীমান্ত হত্যা প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এ বিষয়ে অনেক রাজনৈতিক নেতা নীরব থাকেন। তিনি ২০২৪ সালের আন্দোলনে নিহতদের বিচার দাবি করে বলেন, বিচার নিশ্চিত না হলে আন্দোলন অব্যাহত থাকবে।
সমাবেশে এনসিপির নেত্রী মাহমুদা মিতু বলেন, স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে দলীয় লোকদের দায়িত্বে বসানোর অভিযোগ রয়েছে। তিনি সরকারের মেয়াদ পূর্ণ করে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের আহ্বান জানান।
পুলিশের ভূমিকা নিয়েও মন্তব্য করেন মাহমুদা মিতু। তিনি বলেন, পুলিশ যেন কোনো রাজনৈতিক দলের প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারে। একই সঙ্গে তিনি বলেন, এনসিপি ক্ষমতার রাজনীতি নয়, রাষ্ট্রীয় সংস্কারকে অগ্রাধিকার দিতে চায়।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




