ভুল করছি আবার সেই ভুল থেকেই নিজেকে গড়ছি: আইশা খান

ছবি: সংগৃহীত
অভিনয়ের জগতে জনপ্রিয়তা অনেকটা জোয়ারের মতো। কেউ সেই জোয়ারে ভেসে যান, কেউ আবার দাঁড়িয়ে থাকেন নিজের তীরে। আইশা খান যেন দ্বিতীয় দলের মানুষ। আলোচনায় থাকার চেয়ে তিনি বেশি বিশ্বাস করেন নিজেকে প্রস্তুত করে তোলায়। চরিত্রের ভেতর ডুবে যাওয়াকে তিনি মনে করেন অভিনয়ের সবচেয়ে বড় অনুশীলন। তাই কাজের সংখ্যা নয়, প্রতিটি কাজের গভীরতাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
উপস্থাপনা দিয়ে যাত্রা শুরু করলেও খুব অল্প সময়েই অভিনয়ে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন আইশা। ছোট পর্দার নাটক, ওয়েব কনটেন্ট কিংবা বিশেষ প্রযোজনা প্রতিটি মাধ্যমেই তিনি রেখেছেন সংযত অথচ স্বতন্ত্র উপস্থিতির ছাপ। তাই এখন নাটকের অন্যতম ভরসার নাম আইশা।
নির্মাতা প্রসূন রহমান পরিচালিত ‘শেকড়’ সিনেমার মাধ্যমে প্রথমবার চলচ্চিত্রে মুখ্য চরিত্রে আত্মপ্রকাশ ঘটালেন অভিনেত্রী আইশা খান। সিনেমাটিতে ‘ফাল্গুনী’ চরিত্রে অভিনয় করেছেন তিনি, যেখানে তাঁর বিপরীতে রয়েছেন এফ এস নাঈম।
অভিবাসী মানুষের আত্মপরিচয়ের সংকট, শেকড়ের সন্ধান ও নাড়ির টানের গল্প নিয়ে নির্মিত ‘শেকড়’ আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এরপর ২ আগস্ট কানাডায় এবং সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। দক্ষিণ আমেরিকার দর্শকদের জন্য এর একটি স্প্যানিশ সংস্করণও তৈরি হচ্ছে।
নিজের প্রথম সিনেমা প্রসঙ্গে আইশা খান বলেন, "শেকড় আমার ক্যারিয়ারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। গল্প ও চরিত্র দুটিই দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।"
কোনো থিয়েটার ব্যাকগ্রাউন্ড না থাকায় নিজেকে আরও পরিপক্ব করতে আপাতত নতুন কোনো কাজ নিচ্ছেন না এই অভিনেত্রী। দ্রুত সাফল্যের চেয়ে দীর্ঘমেয়াদী ভালো কাজ করার দিকেই তার বেশি নজর। শেকড়-এর পর আপাতত নিজের অভিনয় দক্ষতার প্রস্তুতিতেই মন দিতে চান আইশা।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









