চিত্রনায়ক জায়েদ খান বরাবরই আলোচনায় থাকতে পছন্দ করেন। দর্শকদের সামনে ডিগবাজি দেওয়া কিংবা পোশাক খুলে উল্লাস করার মতো নানা কর্মকাণ্ডের জন্য প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে চর্চা ও মিমের ছড়াছড়ি দেখা যায়। এবার নিজের জন্মদিনে ভক্তদের একটি নতুন পোস্টার উপহার দিয়ে চমক সৃষ্টি করেছেন এই অভিনেতা।

জন্মদিনে (৩০ জুলাই) পোস্টারটি প্রকাশ করে জায়েদ খান সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আজকে আমার জন্মদিন। জন্মদিনে সবার জন্য এই উপহারটা দিলাম!’ প্রকাশিত সেই পোস্টারে দেখা যায়, জায়েদের মুখের চারপাশে বেশ কয়েকজন নারীর হাত ঘিরে রয়েছে। আর নিচে সোনালী রঙের ট্রফি আদলে লেখা ‘শিকারি চরিত্রে জায়েদ খান’। পোস্টারটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে—তবে এটি সিনেমা নাকি নতুন কোনো কনটেন্ট, সে বিষয়ে বিস্তারিত কিছু খোলসা করেননি অভিনেতা।

বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপসহ বিদেশে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়মিত অংশ নিচ্ছেন তিনি। উল্লেখ্য, তাকে সর্বশেষ জাহিদ হাসান পরিচালিত ‘সোনার চর’ সিনেমায় চিত্রনায়িকা জান্নাতুল স্নিগ্ধার বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছে।

প্রাইমটিভি/বিএম