দক্ষিণ এশিয়ার সবচেয়ে অনিরাপদ শহর ঢাকা

ছবি:সংগৃহীত
দক্ষিণ এশিয়ার প্রধান শহরগুলোর মধ্যে সবচেয়ে অপরাধপ্রবণ শহর হিসেবে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। একই সঙ্গে শহরটির সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও তুলনামূলকভাবে দুর্বল বলে জানিয়েছে বৈশ্বিক তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম নাম্বেও (Numbeo)।
নাম্বেওর প্রকাশিত ২০২৬ সালের অর্ধবার্ষিক অপরাধ ও নিরাপত্তা সূচক অনুযায়ী, ঢাকার অপরাধ সূচক ৬২ দশমিক ২ এবং নিরাপত্তা সূচক ৩৭ দশমিক ৮। এ সূচকে অপরাধের মাত্রা যত বেশি, শহরটি তত বেশি অপরাধপ্রবণ হিসেবে বিবেচিত হয়। বিপরীতে নিরাপত্তা সূচক যত বেশি, শহরটি তত বেশি নিরাপদ।
প্রতিবেদনে দেখা যায়, বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে থাকা সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির অপরাধ সূচক মাত্র ১১ দশমিক ১, আর নিরাপত্তা সূচক ৮৮ দশমিক ৯।
দক্ষিণ এশিয়ার অন্যান্য বড় শহরের তুলনায়ও ঢাকার অবস্থান সবচেয়ে খারাপ। তালিকায় ভারতের দিল্লির অপরাধ সূচক ৫৯ দশমিক ১, বেঙ্গালুরুর ৫৪ দশমিক ০, পাকিস্তানের রাওয়ালপিন্ডির ৫১ দশমিক ৬ এবং ভারতের কলকাতার ৪৬ দশমিক ৯। এছাড়া মুম্বাই, কলম্বো, চেন্নাই, লাহোর, কাঠমান্ডু, জয়পুর ও ইসলামাবাদের অপরাধ সূচকও ঢাকার চেয়ে কম।
বিশ্বের বড় শহরগুলোর মধ্যে নিরাপত্তা ও অপরাধপ্রবণতার দিক থেকে ঢাকার অবস্থান ৫৯তম। অর্থাৎ নিরাপত্তা ও অপরাধ পরিস্থিতির বিবেচনায় শহরটি বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহরগুলোর শীর্ষ ১৫ শতাংশের মধ্যে রয়েছে।
দক্ষিণ এশিয়ার প্রধান শহরগুলোর অপরাধ ও নিরাপত্তা সূচক (নাম্বেও ২০২৬):
শহর | অপরাধ সূচক | নিরাপত্তা সূচক |
|---|---|---|
ঢাকা | ৬২.২ | ৩৭.৮ |
দিল্লি | ৫৯.১ | ৪০.৯ |
বেঙ্গালুরু | ৫৪.০ | ৪৬.০ |
রাওয়ালপিন্ডি | ৫১.৬ | ৪৮.৪ |
কলকাতা | ৪৬.৯ | ৫৩.১ |
মুম্বাই | ৪৪.১ | ৫৫.৯ |
কলম্বো | ৪২.৬ | ৫৭.৪ |
চেন্নাই | ৪০.০ | ৬০.০ |
লাহোর | ৩৬.৯ | ৬৩.১ |
কাঠমান্ডু | ৩৬.৭ | ৬৩.৩ |
জয়পুর | ৩৪.৭ | ৬৫.৩ |
ইসলামাবাদ | ৩১.৪ | ৬৮.৬ |
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




