১৫ বছর আগের ১০০ টাকা ফেরত দিতে পাওনাদারের বাড়িতে বৃদ্ধ

ছবি:সংগৃহীত
বয়স ৭৮ বছর। তবু প্রায় ৩৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ১৫ বছর আগের ১০০ টাকা ফেরত দিতে ছুটে গেলেন ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মজলিশপুর গ্রামের বাসিন্দা শমসের আলী। তার এই সততার গল্প এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সকালে বাড়ি থেকে বের হয়ে কখনও পায়ে হেঁটে, কখনও যানবাহনে চড়ে তিনি আখাউড়া উপজেলার খড়মপুর এলাকায় পৌঁছান। সেখানে ‘খাদেম এয়ার সার্ভিস’-এর স্বত্বাধিকারী এম.এন.এইচ. খাদেম দুলালের হাতে ১৫ বছর আগের বকেয়া ১০০ টাকা তুলে দেন।
শমসের আলী জানান, প্রায় ১৫ বছর আগে বিদেশে লোক পাঠানোর বিষয়ে দুলাল খাদেমের সঙ্গে তার আর্থিক লেনদেন হয়েছিল। তখন অসাবধানতাবশত তিনি ১০০ টাকা কম দিয়েছিলেন। দীর্ঘদিন ধরে বিষয়টি তার মনে ছিল। সুযোগ পেয়ে সেই পাওনা শোধ করতেই তিনি এত দূর পথ পাড়ি দিয়ে এসেছেন।
তিনি বলেন, ‘১ টাকা হোক কিংবা ১০০ টাকা—কারও পাওনা রেখে দেওয়া ঠিক নয়। শুনেছিলাম দুলাল সাহেব শুক্রবার এলাকায় আসেন। তাই সকালেই চলে এসেছি, যেন টাকাটা নিজ হাতে ফেরত দিতে পারি।’
অন্যদিকে এম.এন.এইচ. খাদেম দুলাল বলেন, ‘এত বছর আগের লেনদেনের কথা আমার একেবারেই মনে ছিল না। অনেক সময় টাকা গুনে না রাখায় এমনটা হয়ে থাকতে পারে। তিনি এসে ১০০ টাকা হাতে দিলে আমি অবাক হয়ে যাই। পরে টাকাটা আবার তাকে ফিরিয়ে দিয়ে বলেছি, এটা দিয়ে কিছু কিনে খেয়ে নেবেন।’
বৃদ্ধ শমসের আলীর এই ব্যতিক্রমী সততা ও দায়বদ্ধতার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয়দের মধ্যে প্রশংসার জন্ম দিয়েছে।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




