গ্রিক মহাকাব্য অবলম্বনে নির্মিত ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘দ্য ওডিসি’ মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। গত ১৭ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাওয়া ২৫ কোটি মার্কিন ডলার (প্রায় ২,৩০০ কোটি টাকা) বাজেটের এই মহাকাব্যিক সিনেমাটি আন্তর্জাতিক বাজারের পাশাপাশি ভারতেও বক্স অফিসে দারুণ সাড়া ফেলছে।

চলচ্চিত্রটিতে হলিউডের একঝাঁক শীর্ষ তারকাকে একসঙ্গে দেখা গেছে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তাদের পারিশ্রমিকের তথ্য, যেখানে দেখা যায় নোলানের মতো পরিচালকের সঙ্গে কাজের সুযোগে অনেকেই নামমাত্র বা প্রচলিত হারের চেয়ে কম ফি নিয়েছেন।

ছবিতে ওডিসিউসের ছেলে টেলিম্যাকাসের ভূমিকায় অভিনয় করা টম হল্যান্ড পেয়েছেন ১ কোটি ডলার (প্রায় ১২০ কোটি টাকা), যা মার্ভেল ফ্র্যাঞ্চাইজিতে তার পারিশ্রমিকের তুলনায় কম। প্রতিপক্ষ অ্যান্টিনাস চরিত্রে রবার্ট প্যাটিনসন এবং অমর সমুদ্রপরী ক্যালিপসো চরিত্রে শার্লিজ থেরন উভয়েই পেয়েছেন ৫০ থেকে ৭০ লাখ ডলার (প্রায় ৬০-৮৪ কোটি টাকা)। দেবী অ্যাথেনা রূপে জেনডায়ার পারিশ্রমিক ৫০ লাখ ডলার (প্রায় ৬০ কোটি টাকা)। এছাড়া হেলেন অব ট্রয় চরিত্রে লুপিতা নিয়োঙ্গো নিয়েছেন ১৫ থেকে ৩৫ লাখ ডলার (প্রায় ১৮-৪২ কোটি টাকা)।

নোলানের দুর্দান্ত নির্মাণশৈলী, অনবদ্য অভিনয় এবং মহাকাব্যিক কাহিনীর মেলবন্ধনে ‘দ্য ওডিসি’ ইতোমধ্যেই দর্শক ও সমালোচকদের কাছে চলতি বছরের অন্যতম সেরা সিনেমা হিসেবে স্বীকৃতি পেয়েছে।

প্রাইমটিভি/বিএম