পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের একটি কয়লাখনিতে মিথেন গ্যাসের বিস্ফোরণে অন্তত ৩২ জন খনিশ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাজধানী কোয়েটার উপকণ্ঠে এ দুর্ঘটনা ঘটে। এখনও অন্তত ১০ শ্রমিক খনির ভেতরে আটকা রয়েছেন।

পাকিস্তান সরকারের খনি পরিদর্শক ঘানি বালুচ জানিয়েছেন, খনির ভেতরে জমে থাকা মিথেন গ্যাসের বিস্ফোরণ থেকেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের পর খনির ভেতরে অক্সিজেনের মাত্রা দ্রুত কমে যাওয়ায় আটকে পড়াদের জীবিত উদ্ধারের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা হচ্ছে।

উদ্ধারকারীরা প্রথমে সাতজন এবং পরে আরও ২৫ জনের মরদেহ উদ্ধার করেন। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে অভিযান এখনও চলছে।

এদিকে, বেলুচিস্তানের খনি ও খনিজসম্পদবিষয়ক মন্ত্রী শোয়েব নশেরওয়ানি নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে পাঁচ লাখ পাকিস্তানি রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত এবং খনির নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, পাকিস্তান সেন্ট্রাল মাইনস লেবার ফেডারেশন অভিযোগ করেছে, নিরাপত্তায় অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তারা দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং খনিগুলোতে কঠোর নিরাপত্তাবিধি বাস্তবায়নের দাবি জানিয়েছে।

প্রাইমটিভি/এমআর