অনলাইনে আপত্তিকর তথ্য আদান-প্রদানের অভিযোগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা জাতীয় ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক সাজিদ আহমেদ মোল্লাকে সব ধরনের সাংগঠনিক দায়িত্ব ও পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের নীতি, আদর্শ ও উদ্দেশ্যের পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে সাজিদ আহমেদ মোল্লার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সম্প্রতি ‘প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অফ বাংলাদেশ (পুসাব)’ নামের একটি ফেসবুক পেজ থেকে সাজিদ আহমেদ মোল্লার মেসেঞ্জারের আপত্তিকর কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এটি ভাইরাল হওয়ার পর সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনার বিষয়ে শাবিপ্রবি শাখা ছাত্রশক্তির আহ্বায়ক রাশিদ আবরার জানান, অভিযোগটি কেন্দ্রকে জানানো হলে তারা সার্বিক বিষয় যাচাই-বাছাই করে সাংগঠনিক নীতি ও মূল্যবোধ পরিপন্থি বিবেচনায় সাজিদকে অব্যাহতি দেয়।

তবে অভিযোগের বিষয়ে সাজিদ আহমেদ মোল্লা জানান, স্ক্রিনশটটি প্রায় এক বছর আগের এবং সেটি তার সমবয়সী খালাতো ভাইয়ের সঙ্গে রসিকতাবশত করা এক ব্যক্তিগত আলাপচারিতা ছিল। সাম্প্রতিক কোনো ঘটনার সঙ্গে এর সম্পৃক্ততা নেই দাবি করে তিনি বলেন, একটি ব্যক্তিগত চ্যাটের ওপর ভিত্তি করে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।

প্রাইমটিভি/বিএম