মায়েদের প্রতি নবজাতককে জন্মের এক ঘণ্টার মধ্যে শালদুধ খাওয়ানো এবং জন্মের পর প্রথম ছয় মাস শুধুমাত্র মাতৃদুগ্ধ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

শনিবার (১ আগস্ট) রাজধানীর ন্যাশনাল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজিত বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এবারের বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের প্রতিপাদ্য, ‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান’।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পুষ্টিহীনতা, অল্প বয়সে বিয়ে এবং শিশুদের যথাযথভাবে মাতৃদুগ্ধ না দেওয়ার কারণে নানা রোগের ঝুঁকি বাড়ছে। তাই কেবল দিবস পালন নয়, সারা বছর গ্রামপর্যায় পর্যন্ত মাতৃদুগ্ধ বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে হবে।

তিনি বলেন, দেশের প্রতি দায়িত্ববোধ থেকে প্রতিটি মায়ের শপথ হওয়া উচিত, কোনো শিশুকে যেন মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত করা না হয়। এতে ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ, সবল ও কর্মক্ষম হয়ে গড়ে উঠবে।

সরদার মো. সাখাওয়াত হোসেন আরও বলেন, সরকার প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তাই চিকিৎসার পাশাপাশি সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে হবে। অন্যথায় সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়া সম্ভব হবে না।

অনুষ্ঠানে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে সমালোচনা করে তিনি বলেন, গ্রামপর্যায়ে মাতৃদুগ্ধ বিষয়ে পর্যাপ্ত প্রচারণা হচ্ছে না। এখন থেকে প্রতি মাসে অন্তত একটি জেলায় সেমিনারের আয়োজন করে সিভিল সার্জন, জেলা প্রশাসন ও স্থানীয় কর্মকর্তাদের সম্পৃক্ত করার নির্দেশ দেন তিনি।