ডেটিং অ্যাপে ধনী ব্যক্তিদের ফাঁসিয়ে চুরির অভিযোগ, গ্রেফতার অভিনেত্রী

ছবি: সংগৃহীত
অনলাইন ডেটিং অ্যাপ ব্যবহার করে বিত্তবান ও বয়স্ক ব্যক্তিদের সঙ্গে সখ্য গড়ে তোলার পর তাদের বাসভবন থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী চুরির অভিযোগে গ্রেফতার হয়েছেন মার্কিন মডেল ও অভিনেত্রী আডভা লাভিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি 'মিয়া ভেনচুরা' নামেই বেশি পরিচিত। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলস পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে ক্যালিফোর্নিয়ার ওয়েস্টলেক ভিলেজ, ওয়েস্ট হলিউড, লস অ্যাঞ্জেলেস এবং বেভারলি হিলসের একাধিক বিলাসবহুল বাড়িতে এ ধরনের চুরির ঘটনা ঘটে। তদন্তে এসব অপরাধের সঙ্গে আডভা লাভিয়ে জড়িত থাকার প্রমাণ মিললে গত মার্চ মাসে তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চুরি ও জালিয়াতির মারাত্মক অভিযোগ আনা হয়।
আদালতের নথিসূত্রে জানা যায়, গত মার্চে অনুষ্ঠিত প্রাথমিক শুনানির পর আদালত লাভিয়েকে বিচারের মুখোমুখি করার নির্দেশ দেন। সে সময় জামিন মঞ্জুর করে তাঁর পায়ে সার্বক্ষণিক নজরদারির জন্য বিশেষ ইলেকট্রনিক ট্র্যাকিং ডিভাইস (অ্যাঙ্কেল ট্র্যাকার) যুক্ত করে দেওয়ার শর্ত দেওয়া হয়েছিল।
তবে আদালতের সেই নির্দেশনা অমান্য করা এবং ইলেকট্রনিক ডিভাইসটি সরিয়ে ফেলার অভিযোগে লাভিয়েকে ফের আইনের আওতায় আনা হলো। সেইসঙ্গে রিভারসাইড কাউন্টিতে নতুন আরেকটি চুরির ঘটনায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। দুটি বিষয়ের ওপর ভিত্তি করে বেভারলি হিলস পুলিশ অভিযান চালিয়ে তাকে আবারও হেফাজতে নিয়েছে। বর্তমানে তিনি পুলিশী হেফাজতে রয়েছেন।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







