নারায়ণগঞ্জের বন্দর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় ছাত্রলীগ ও যুবলীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) রাতে বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন— নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সংগঠক মো. উজ্জ্বল হোসেন (৩২), জেলা ছাত্রলীগের সদস্য তাজুল ইসলাম জিতু (২৯), যুবলীগের সদস্য মেজবাহ উদ্দিন (৪০), মো. টিপন (৪৬), আব্দুর রব (৫৬) এবং মনির হোসেন (৫৫)।

পুলিশ জানায়, গত ২৯ জুলাই সকাল সাড়ে ৬টার দিকে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ফরাজীকান্দা এলাকায় কলাগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা সরকারবিরোধী কর্মকাণ্ড, ষড়যন্ত্র এবং মিছিল-স্লোগানের প্রস্তুতির জন্য জড়ো হয়েছে— এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা ব্যক্তিরা পালিয়ে যায়। পরবর্তী সময়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ এবং গোপন অনুসন্ধানের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মামলার আসামিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও এর সহযোগী সংগঠনের সক্রিয় সদস্য-সমর্থক।

এজাহারে আরও অভিযোগ করা হয়, সংগঠনটিকে পুনরায় সক্রিয় করা, সরকারবিরোধী কর্মকাণ্ড পরিচালনা এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে তারা ওই স্থানে সমবেত হয়েছিল।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, সুনির্দিষ্ট তথ্য-উপাত্তের ভিত্তিতে মামলাটি দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ছয় আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।