টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের দিঘিরপাড় এলাকায় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদ মিঠুর বৃদ্ধা মাকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুল এবং ঘরে থাকা নগদ টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার।

শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহত জালেমন (৬৫) দিঘিরপাড় গ্রামের মৃত আইজউদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় জালেমন নিজ বাড়িতে একাই ছিলেন। পরিবারের অন্য সদস্যরা বিভিন্ন কাজে বাইরে থাকায় সেই সুযোগে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রথমে লোহাজাতীয় কোনো বস্তু দিয়ে তার মাথায় আঘাত করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাকে হত্যা করা হয়। হত্যার পর ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

নিহতের বিশ্ববিদ্যালয়পড়ুয়া নাতনি মুসলিমা জান্নাতি বলেন, পরিবারের সদস্যরা পড়াশোনা, চাকরি ও ব্যক্তিগত প্রয়োজনে বাড়ির বাইরে থাকায় তার দাদি একাই ছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। তিনি দাবি করেন, তার দাদির গলার স্বর্ণের মালা, কানের দুলসহ কয়েকটি স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা খোয়া গেছে। তার ভাষ্য, ব্যক্তিগত কোনো শত্রুতা না থাকায় তারা এটিকে লুটপাটের উদ্দেশ্যে সংঘটিত হত্যাকাণ্ড বলে মনে করছেন।

স্থানীয় বাসিন্দা রাতুল মুন্সি জানান, শুক্রবার রাতে প্রতিবেশীরা ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় জালেমনকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

অরনখোলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বেলাল উদ্দিন বলেন, ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। পুলিশের অপরাধ তদন্তকারী দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।