মেসির সই করা জার্সির দ্বিগুণ দামে বিক্রি হলো জিমিনের শার্ট

ছবি: সংগৃহীত
বিশ্বকাপ ফাইনালের মঞ্চে বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড 'বিটিএস' (BTS)-এর জনপ্রিয় সদস্য জিমিনের পরিহিত একটি শার্ট রেকর্ড ১ লাখ ১০ হাজার মার্কিন ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৩৫ লাখ টাকা) বিক্রি হয়েছে। 'ক্রিস্টিজ অকশন হাউস' আয়োজিত এক বিশেষ দাতব্য অনলাইন নিলামে এই শার্টটি হাতবদল হয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস জানায়, সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় ‘ওয়ান গোল: অ্যান অকশন টু বেনিফিট দ্য ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’ শীর্ষক এক সপ্তাহব্যাপী এই অনলাইন নিলামের আয়োজন করা হয়েছিল। বিশ্বজুড়ে ২৪টি দেশের সংগ্রাহকদের অংশগ্রহণে এটি থেকে মোট ৬ লাখ ৫২ হাজার ৬৩০ মার্কিন ডলার সংগৃহীত হয়েছে, যা আয়োজকদের প্রাথমিক প্রত্যাশাকে বহুলাংশে ছাড়িয়ে গেছে।
নিলামের মূল আকর্ষণ ছিল বিটিএস তারকাদের ব্যবহৃত জিনিসপত্র। হাফটাইম শোতে জনপ্রিয় গান ‘ডায়নামাইট’ পারফর্ম করার সময় বিটিএস ব্যান্ডটির সদস্যদের পরা পোশাক ও আনুষঙ্গিক সামগ্রী বিক্রি করেই উঠেছে ৩ লাখ ৩ হাজার ১০০ ডলার, যা নিলামের মোট আয়ের প্রায় ৪৬ শতাংশ।
কোরিয়া টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিটিএসের অন্য সদস্যদের সামগ্রীর মধ্যে ভি-এর স্কার্ফ এবং জাংকুকের জ্যাকেট প্রতিটি ৪৬ হাজার ২০০ ডলার, সুগার প্যান্ট ৩৩ হাজার ডলার এবং জে-হোপের গ্লাভস ২৮ হাজার ৬০০ ডলারে বিক্রি হয়েছে।
বিটিএস তারকাদের পাশাপাশি ক্রীড়া ও বিনোদন জগতের অন্যান্য স্মারকেও আগ্রহ দেখিয়েছেন ক্রেতারা। পপ তারকা শাকিরার জন্য ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির সই করা আর্জেন্টিনার জার্সি বিক্রি হয়েছে ৬৬ হাজার ডলারে। এ ছাড়া পপসম্রাজ্ঞী ম্যাডোনার সই করা গোলরক্ষকের গ্লাভস ৪১ হাজার ৮০০ ডলার এবং জাস্টিন বিবারের স্নিকার্স ২৬ হাজার ৪০০ মার্কিন ডলারে বিক্রি হয়।
আয়োজকরা জানিয়েছেন, রেকর্ড মূল্যে বিক্রি হওয়া এসব স্মারক থেকে প্রাপ্ত সম্পূর্ণ অর্থ ফিফা-র ‘গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এ দান করা হবে, যা দিয়ে বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রে সুযোগ তৈরির কাজ পরিচালনা করা হবে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






