ছবির শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা

ছবি: সংগৃহীত
বিয়ের পর কাজে ফিরেই বড় ধরনের দুর্ঘটনার মুখোমুখি হলেন ‘পুষ্পা’খ্যাত জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। দুটি ভিন্ন চলচ্চিত্রের শুটিং করার সময় নিতম্ব ও কোমরের মাঝামাঝি অংশে মারাত্মক আঘাত পেয়েছেন তিনি। চিকিৎসকরা তাঁকে আগামী ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার কড়া পরামর্শ দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’-র প্রতিবেদন সূত্রে জানা যায়, সম্প্রতি ‘রাণাবলী’ ও ‘মাইসা’—এই দুই সিনেমার অ্যাকশন ও নাচের দৃশ্যের চিত্রায়নে অংশ নিচ্ছিলেন রাশমিকা। একটি জটিল দৃশ্যধারণের সময় তিনি আঘাত পান। এতে তাঁর নিতম্ব ও কোমরের মাঝামাঝি অংশের একটি গুরুত্বপূর্ণ পেশিতন্তু (টিস্যু) পুরোপুরি ছিঁড়ে যায়।
চিকিৎসকদের মতে, এ ধরনের শারীরিক আঘাত সাধারণত পেশাদার অ্যাথলেট বা ক্রীড়াবিদদের ক্ষেত্রে দেখা যায়। তীব্র শারীরিক পরিশ্রম বা অনুশীলনের ফলেই এমন টিস্যু ইনজুরি ঘটে থাকে। একজন অভিনেত্রীর ক্ষেত্রে এমন বিরল ও মারাত্মক চোট দেখে চিকিৎসকরাও বিস্ময় প্রকাশ করেছেন। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাঁকে সব ধরনের শুটিং থেকে বিরত থাকতে বলা হয়েছে।
চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে এক রাজকীয় আয়োজনে অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাশমিকা। বিয়ের পর স্বামী বিজয়ের সঙ্গেই নতুন সিনেমা ‘রাণাবলী’-তে অভিনয় করছিলেন তিনি। এর আগে ‘গীত গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’-এর মতো একাধিক ব্যবসাসফল ছবিতে এই জুটির রসায়ন বেশ প্রশংসিত হয়েছিল।
উল্লেখ্য, এবারই প্রথম নয়; এর আগে সালমান খানের বিপরীতে ‘সিকান্দার’ সিনেমার শুটিং করার সময়ও পায়ে মারাত্মক আঘাত পেয়েছিলেন এই অভিনেত্রী। তবে বর্তমান চোটের কারণে তাঁর নির্মাণাধীন সিনেমাগুলোর কাজ আপাতত স্থগিত থাকছে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







