১৫ অগস্ট বড় চমক দেবেন নায়ক দেব

ছবি: সংগৃহীত
সিনেমার রূপালী পর্দা হোক কিংবা রাজনীতির ময়দান—বছরজুড়েই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন টালিউড সুপারস্টার দেব। ২০২৬ সালে তার ঝুলিতে রয়েছে একঝাঁক নজরকাড়া সিনেমার কাজ, যার আপডেট পেতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরা। সম্প্রতি 'দাদাগিরি' রিয়্যালিটি শো-এর সঞ্চালনা নিয়ে চর্চায় থাকার মাঝেই আচমকা নতুন এক বড় চমক দিলেন এই অভিনেতা।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক রহস্যময় ও আকর্ষণীয় পোস্টার শেয়ার করেছেন দেব। রক্তিম ও নাটকীয় আবহে তৈরি সেই পোস্টারে লেখা রয়েছে— ‘This Independence Day A Hero Arrives’ (এই স্বাধীনতা দিবসে আসছে এক নায়ক)।
পোস্টারটি সামনে আসতেই বিনোদন অঙ্গনে শুরু হয়েছে জোর জল্পনা। দেব কি তবে আসন্ন স্বাধীনতা দিবসে ভারতের কোনো বীর স্বাধীনতা সংগ্রামীর জীবননির্ভর আত্মজীবনীমূলক (বায়োপিক) সিনেমা নিয়ে পর্দায় ফিরছেন, নাকি কোনো কাল্পনিক দেশপ্রেমের থ্রিলার উপহার দিতে যাচ্ছেন—তা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতুহল।
যদিও এই পোস্টার প্রকাশের মাধ্যমে বড় ধরনের প্রজেক্টের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, তবে ছবির নাম, পরিচালক কিংবা অন্যান্য শিল্পীদের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেননি অভিনেতা। আপাতত ২০২৬-এর স্বাধীনতা দিবসে প্রিয় তারকা পর্দায় কোন 'হিরো' রূপে ধরা দেন, সেদিকেই তাকিয়ে অনুরাগী ও সিনেপ্রেমীরা।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









