চাঁদা বকেয়া থাকায় স্থানীয় গোরস্থানে দাফন করা গেল না নাসির উদ্দিনকে

ছবি: সংগৃহীত
কুষ্টিয়ার মিরপুরে আজমপুর পুরাতন পাড়া গোরস্থানের চাঁদা বকেয়া থাকার অভিযোগে নাসির উদ্দিন নামে এক ব্যক্তির মরদেহ দাফন করতে না দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। গত সোমবার (২৭ আগস্ট) তাঁর মৃত্যু হলেও পূর্বপুরুষদের পাশে ঠাঁই মেলেনি তাঁর। এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মৃতের পরিবার ও স্থানীয় সূত্রের অভিযোগ, নাসির উদ্দিনের বাবা ওই গোরস্থানের নিবন্ধিত সদস্য ছিলেন। তবে দীর্ঘদিন চাঁদা না দেওয়ায় দাফনের জন্য প্রথমে এককালীন ৩৫ থেকে ৪৫ হাজার টাকা দাবি করা হয়। পরিবার কিস্তিতে টাকা দেওয়ার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত গোরস্থান কমিটির সভাপতি আবুল মাস্টার দাফনের অনুমতি দেননি। স্থানীয় একটি জামায়াত সমর্থক গোষ্ঠীর রাজনৈতিক ইন্ধনে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছেন অভিযুক্ত জামায়াত নেতা আতিয়ার হাজী।
গোরস্থান কমিটির সভাপতি আবুল মাস্টার অবশ্য চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে জানান, নাসির উদ্দিন ব্যক্তিগতভাবে গোরস্থানের সদস্য ছিলেন না এবং সীমানা সীমিত থাকায় অ-সদস্যদের দাফনের সুযোগ নেই।
পরবর্তীতে ইউপি সদস্য ও বিএনপি নেতা আশরাফুল হক আশার মানবিক উদ্যোগে তাঁর নিজস্ব পারিবারিক গোরস্থানে মরদেহের দাফন সম্পন্ন হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





