ইরানের জ্বালানি স্থাপনায় বড় হামলার পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর

ট্রাম্প-নেতানিয়াহু । প্রাইম টিভি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা করছেন বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।
প্রতিবেদনে একাধিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিদ্যুৎকেন্দ্র, তেল শোধনাগারসহ গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে এখন পর্যন্ত সবচেয়ে বড় ধরনের বোমা হামলার একটি চালানোর পরিকল্পনা করছে।
সিবিএসের তথ্য অনুযায়ী, বৈশ্বিক অর্থনীতি এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাজারে সম্ভাব্য প্রভাব কমাতে ওয়াল স্ট্রিটে সোমবার লেনদেন শুরুর আগেই অভিযান শেষ করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে হামলার চূড়ান্ত সময় এখনও নির্ধারণ করা হয়নি।
মার্কিন কয়েকটি সূত্র জানিয়েছে, পরিকল্পনার বিষয়ে ইসরায়েলকে অবহিত করা হয়েছে এবং তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প এখনও এ বিষয়ে চূড়ান্ত নির্দেশ দেননি।
প্রতিবেদনে আরও বলা হয়, ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। তবে ট্রাম্পের কয়েকজন রাজনৈতিক উপদেষ্টা এ পদক্ষেপের বিরোধিতা করেছেন বলেও দাবি করেছে সূত্রগুলো।
এদিকে, সম্ভাব্য হামলার বিষয়ে প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান স্পষ্ট। তার দায়িত্বে থাকা অবস্থায় ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না।
তবে সম্ভাব্য এই হামলার পরিকল্পনা নিয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো সামরিক অভিযান শুরুর ঘোষণা দেওয়া হয়নি।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





