বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ও বিতর্কিত মন্তব্যের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে বগুড়ার রাজনৈতিক অঙ্গন। এর প্রতিবাদে এনসিপির ব্যানার ছিঁড়ে আগুন দেওয়ার পাশাপাশি শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রদল।

শনিবার (১ আগস্ট) বেলা সোয়া ১টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে জেলা ছাত্রদলের উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে প্রাণকেন্দ্র সাতমাথায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশ শেষে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সাতমাথার সপ্তপদী মার্কেটে টানানো এনসিপি নেতাদের ছবিসংবলিত ব্যানার নামিয়ে ছিঁড়ে ফেলেন এবং তাতে অগ্নিসংযোগ করেন।

প্রতিবাদ সমাবেশে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, "এনসিপির কিছু নামধারী ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে জুলাই আন্দোলনের মূল চেতনা বিনষ্টের চেষ্টা করছে। গাজী সালাউদ্দিন তানভীর জিয়া পরিবারকে নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, তা বগুড়াবাসীর হৃদয়ে আঘাত হেনেছে। তাকে বগুড়ায় পাওয়া মাত্রই সাধারণ জনগণ প্রতিহত করে পুলিশের হাতে তুলে দেবে।"

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ অবিলম্বে অভিযুক্তের সাজা দাবি করে বলেন, "ভাইরাল হওয়ার উদ্দেশ্যে অশালীন মন্তব্য করা সালাউদ্দিন তানভীরকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। অন্যথায় ক্ষুব্ধ নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। এই ঘটনার জন্য এনসিপিকে কেন্দ্রীয় কার্যালয় থেকে দেশবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।"

এর আগে শুক্রবার (৩১ জুলাই) একই ঘটনার প্রতিবাদে সাবেক ছাত্রদল নেতা ও 'জুলাই যোদ্ধা'দের ব্যানারে সাতমাথায় সালাউদ্দিন তানভীরের পোস্টার-ব্যানারে জুতাপেটা ও অগ্নিসংযোগ করা হয়। সেখান থেকে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর ও সদস্যসচিব নাসিরুদ্দিন পাটওয়ারীকে বগুড়ায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

ঘটনার জেরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে ইতিমধ্যে দল থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক শোকজ নোটিশে তাকে পরবর্তী দুই কার্যদিবসের মধ্যে ব্যাখা দিতে বলা হয়েছে।

প্রাইমটিভি/বিএম