বাংলাদেশ থেকে আসা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন, তারা শরণার্থী: শুভেন্দু অধিকারী

শুভেন্দু অধিকারী । সংগৃহীত
পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, বাংলাদেশসহ প্রতিবেশী দেশ থেকে ভারতে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষকে অনুপ্রবেশকারী নয়, বরং শরণার্থী হিসেবে বিবেচনা করা উচিত।
শনিবার (১ আগস্ট) পশ্চিমবঙ্গে ১৬তম ডিজিটাল জনগণনার সূচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
শুভেন্দু অধিকারী বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) অনুযায়ী প্রতিবেশী দেশ থেকে নির্যাতনের মুখে ভারতে আশ্রয় নেওয়া এসব সম্প্রদায়ের মানুষ আইনি কাঠামোর আওতায় শরণার্থীর স্বীকৃতি পাওয়ার যোগ্য।
তিনি দাবি করেন, ভারত সরকারের ১ সেপ্টেম্বর ২০২৫ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩১ ডিসেম্বর ২০১৪-এর মধ্যে ধর্মীয় নিপীড়ন বা প্রাণ বাঁচানোর তাগিদে ভারতে প্রবেশ করা এসব শরণার্থীর বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না এবং পুলিশও তাদের হয়রানি করতে পারবে না।
একই সঙ্গে তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশকারীদের ভারতের মাটিতে থাকার সুযোগ নেই। নির্ধারিত আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের শনাক্ত করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। অনুপ্রবেশকারীদের দেখভালের দায়িত্ব ভারতের নয় বলেও মন্তব্য করেন তিনি।
অতীতের একটি ঘটনার প্রসঙ্গ তুলে শুভেন্দু অধিকারী বলেন, আগের সরকারের আমলে বীরভূমে ভুলবশত এক ভারতীয় নাগরিক হয়রানির শিকার হয়েছিলেন। পরে তাকে ফিরিয়ে আনা হলেও ভবিষ্যতে যাতে কোনো প্রকৃত ভারতীয় নাগরিক এ ধরনের সমস্যার মুখোমুখি না হন, সে বিষয়ে সতর্ক থাকার আশ্বাস দেন তিনি।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








