গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের আহ্বান যুক্তরাজ্যের

ইসরাইলি সেনা প্রত্যাহার। সংগৃহীত
গাজায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর নিরস্ত্রীকরণ সংক্রান্ত চুক্তিকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার এবং যুদ্ধবিরতি সম্পূর্ণ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে দেশটি।
শুক্রবার (৩১ জুলাই) এক বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ২০ দফা পরিকল্পনার পূর্ণ বাস্তবায়ন। এর মধ্যে গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার এবং সব পক্ষের যুদ্ধবিরতি মেনে চলা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, গাজার মানবিক পরিস্থিতি এখনও অত্যন্ত ভয়াবহ। তাই ইসরাইলকে অবিলম্বে ত্রাণ সহায়তার ওপর আরোপিত বিধিনিষেধ তুলে নিতে হবে, যাতে খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি সহায়তা দ্রুত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছাতে পারে।
ডেভিড ল্যামি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের লক্ষ্য হওয়া উচিত এমন একটি টেকসই শান্তি প্রতিষ্ঠা করা, যেখানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র এবং ইসরাইল রাষ্ট্র নিরাপদে পাশাপাশি সহাবস্থান করবে। এ ছাড়া চুক্তি এগিয়ে নিতে ভূমিকার জন্য যুক্তরাষ্ট্র, কাতার, তুরস্ক ও মিসরকে ধন্যবাদ জানান তিনি।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, গাজায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণে একটি চুক্তি হয়েছে। তার দাবি, চুক্তির অগ্রগতির সঙ্গে ধাপে ধাপে গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার করা হবে। পাশাপাশি একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী এবং নতুন ফিলিস্তিনি পুলিশ বাহিনী ভবিষ্যতে গাজার নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করবে।
সূত্র: মিডল ইস্ট মনিটর
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








