চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনব কৌশলে লুকিয়ে আনা স্বর্ণসহ থামিম আনসারি নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)।

শনিবার (১ আগস্ট) সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার জি৯-৫২৬ ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছান তিনি। গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেল অতিক্রম করার পর কাস্টমস গোয়েন্দারা তাকে শনাক্ত করে দেহ তল্লাশি চালান।

তল্লাশির একপর্যায়ে তার অন্তর্বাসের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ক্যাপসুল আকৃতির স্বর্ণজাত পদার্থ উদ্ধার করা হয়।

কাস্টমস সূত্র জানায়, উদ্ধার করা স্বর্ণজাত পদার্থের মোট ওজন ৪৫৫ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। তবে প্যাকিং সামগ্রী বাদ দিয়ে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা নির্ধারণে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

সিআইআইডি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এদিকে, বিমানবন্দরকে ব্যবহার করে স্বর্ণসহ বিভিন্ন পণ্যের চোরাচালান ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

প্রাইমটিভি/এনজি