হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৭৩ শিশু

হামের উপসর্গে শিশুর মৃত্যু । প্রাইম টিভি
দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৭৭৩ শিশু।
শনিবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু না হলেও হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৮৯ শিশু। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৫ শিশু। সব মিলিয়ে এই সময়ে হাম ও হামের উপসর্গে মোট ৭৮৪ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৪ শিশুর। একই সময়ে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও ৬৯৯ শিশু। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৪৯ জন শিশু এবং চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৪৯৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৭১০ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৪ হাজার ৩১৮ জনের। এ পর্যন্ত মোট ৯৯ হাজার ২৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৯৫ হাজার ৫২৯ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের শিশুদের সময়মতো হাম প্রতিরোধী টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে র্যাশ বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









