চিকিৎসক ও নিরাপত্তাকর্মীকে সাময়িক বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ছবি:সংগৃহীত
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে দায়িত্বে অবহেলা ও দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে দুই চিকিৎসককে সাময়িক বরখাস্ত এবং এক নাইট গার্ডের বিরুদ্ধে বরখাস্তসহ আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
রোববার সকালে প্রথমে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে ছুটি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে মেডিকেল অফিসার শাওলী নানজিবা তন্নিকে সাময়িক বরখাস্তের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেন। একই সঙ্গে হাসপাতালের একটি এসি চুরির ঘটনায় নাইট গার্ড মোস্তফা বিশ্বাসকে বরখাস্ত এবং তার বিরুদ্ধে মামলা করার জন্য সিভিল সার্জনকে নির্দেশ দেওয়া হয়।
পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে এক মাসের বেশি সময় ধরে ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে চিকিৎসক সোহানা সেলিমকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি হাসপাতালের রান্নাঘর, ওয়ার্ড ও ওয়াশরুম ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজ নেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে রোগীর তুলনায় চিকিৎসকের সংখ্যা এখনও পর্যাপ্ত নয়। দীর্ঘদিন পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ না হওয়ায় এ সংকট তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি জানান, স্বাস্থ্যসেবা সম্প্রসারণে দেশের ৫০ শয্যার হাসপাতালগুলোকে পর্যায়ক্রমে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপন করা হবে। এছাড়া উপজেলা পর্যায়ে আধুনিক প্যাথলজি ও ফিজিওথেরাপি সেবা সম্প্রসারণ এবং পর্যায়ক্রমে ১০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রকে আরও কার্যকর করা হবে এবং খুব শিগগিরই দেশে ই-হেলথ কার্ড চালু করা হবে।
পরিদর্শনকালে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কুদরত-ই-খুদাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









