চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায়। প্রকাশিত ফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা আগামীকাল মঙ্গলবার (১১ আগস্ট) থেকে ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আবেদন চলবে ১৭ আগস্ট পর্যন্ত।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার নতুন পদ্ধতিতে ফল পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে। প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

আবেদন করতে শিক্ষার্থীদের https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর ড্রপডাউন মেনু থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে সাবমিট করতে হবে। পরবর্তী ধাপে মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হলে ওই নম্বরে এসএমএস পাঠানো হবে।

এরপর শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। যে বিষয় বা বিষয়গুলোর ফল পুনঃনিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে। দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে।

ফি পরিশোধ করা যাবে বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে। ফি পরিশোধের পর আবেদন পোর্টালে ফিরে ‘জমা দিন’ বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে হবে।

একবার আবেদন জমা দেওয়ার পর নতুন কোনো বিষয় যুক্ত করতে চাইলে একই প্রক্রিয়ায় তা করা যাবে। তবে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না। অন্যদিকে, ফি পরিশোধের আগে নির্বাচিত বিষয় পরিবর্তন বা বাতিল করা যাবে। এ জন্য ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে বিষয় প্রত্যাহার করে নতুন বিষয় নির্বাচন করতে হবে।

তবে একবার ফি পরিশোধ করা হলে আবেদন করা বিষয় বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতেই পরিশোধ করা ফি ফেরত দেওয়া হবে না। এ ছাড়া ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না।

শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করার পরামর্শ দিয়েছে শিক্ষা বোর্ড।

প্রাইমটিভি/এনজি