উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (২৩ আগস্ট) রাজধানীর সোবহানবাগে ‘দক্ষ ও উৎপাদনশীল বাংলাদেশের লক্ষ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ’ শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিপুল জনসংখ্যাকে মানবসম্পদে পরিণত করার পরিকল্পনা গ্রহণ করেছেন। সেই লক্ষ্য সামনে রেখেই সরকার এগিয়ে যাচ্ছে। এজন্য কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।

তিনি বলেন, বিশ্বজুড়ে কারিগরি শিক্ষায় দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা রয়েছে। প্রবাসী কর্মীরা দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস। তাদের দক্ষ করে বিদেশে পাঠাতে পারলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। তাই কারিগরি শিক্ষায় আরও বেশি গুরুত্ব দিতে হবে।

এ লক্ষ্যে দেশে আরও চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। একই সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটকে একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আলাদা প্রকল্প নেওয়ার উদ্যোগের কথাও জানান তিনি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শুধু গতানুগতিক শিক্ষার ধারণায় সীমাবদ্ধ না থেকে দক্ষতাভিত্তিক শিক্ষার দিকে এগিয়ে যেতে হবে।

প্রাইমটিভি/এনজি