সারাদেশের হাই স্কুল ও মাদরাসায় প্রায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি জানান, নতুন নিয়োগের আগে দূর-দূরান্তে কর্মরত শিক্ষকদের বদলির ব্যবস্থা করা হচ্ছে। আজকালের মধ্যেই বদলি কার্যক্রম শুরু হতে পারে। বদলি প্রক্রিয়া শেষ হওয়ার পর নতুন শিক্ষক নিয়োগের দিকে যাবে সরকার।

বদলিতে স্বচ্ছতা কীভাবে নিশ্চিত করা হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বিষয়টি কার্যক্রম শুরু হওয়ার পর দেখা যাবে।

শিক্ষকদের অবসর ভাতা সারাদেশে দেওয়া শুরু হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি শিক্ষক নিয়োগের প্রস্তুতিও সব ক্ষেত্রে শুরু হয়েছে বলে জানান মন্ত্রী।

এদিকে প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ সংক্রান্ত মামলা নিষ্পত্তি হয়েছে। অন্যদিকে সরকারি স্কুলে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের লিখিত পরীক্ষা শেষ হলেও মামলা হওয়ায় কার্যক্রম আটকে ছিল। সেই জটিলতাও শেষ হয়েছে। শিগগিরই এসব পদের জন্য মৌখিক পরীক্ষা নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

প্রাইমটিভি/এনজি