অবশেষে ফুটবল মাঠে জ্বলে উঠেছেন লিওনেল মেসি,দিয়েছেন নিজের সেরাটা। তার চোখধাঁধানো পারফরম্যান্সে টানা পাঁচ ম্যাচের জয়হীনতার বৃত্ত থেকে বেরিয়ে এসেছে ইন্টার মায়ামি। মেসির ৪ গোলে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে কানাডিয়ান ক্লাব সিএফ মন্ট্রিয়েলকে ৭ গোলে বিধ্বস্ত করেছে লিওনেল মেসির দল।

মায়ামির আকাশে আজ একটাই প্রতিধ্বনি, সবার চোখে-মুখে লিওনেল মেসি। এ যেন বসন্ত আসার আগেই বসন্তের ছোঁয়া, ঘরের মাঠ কাঁপিয়েছেন তিনি প্রতিপক্ষের চোখে দিয়ে ধোঁয়া। মন্ট্রিয়েলকে গোল বন্যায় ভাসিয়ে চোখে-মুখে আগুনের উত্তাপ ছড়িয়ে,ইন্টার মায়ামি মেজর লিগ সকারে আছেন শক্ত স্থানে দাঁড়িয়ে।

ম্যাচের ১৯ মিনিটে রদ্রিগো ডি পলের অ্যাসিস্টে এগিয়ে যায় স্বাগতিকরা, মায়ামির জার্সিতে প্রথমবারের মত গোলের দেখা পেলেন কাসেমিরো। ম্যাচের ৩৬ মিনিটে পালটা গোল করে মন্ট্রিয়েলকে সমতায় ফেরান ফ্যাবিয়ান হার্বার্স। ৩৯ মিনিটে অতিথিদের আনন্দে ভাটা ফেলে গোল করেন লিওনেল মেসি।

২-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা ।

মায়ামির আনন্দ ভারী হয় ৫১ মিনিটে প্রতিপক্ষের ৩ ডিফেন্ডারকে কাটিয়ে আর্জেন্টাইন জাদুকর নিজের জোড়া গোল পুর্ণ করলে। নিজের জোড়া গোলের পর এবার গোল করালেন তার দীর্ঘদিনের সতীর্থ উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজকে দিয়ে। ৮২ মিনিটে আসে মেসির মাহেন্দ্রক্ষণ ,সি এফ মন্ট্রিয়েলের গোলকিপারের উপর দিয়ে চিপ করে নিজের ক্যারিয়ারের ৮৩ তম হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি।

ম্যাচের ৮৯ মিনিটে আলেকজান্ডার শ গোল করলে গোলের হেক্সা পূরন করেন মায়ামি। কানাডিয়ান ক্লাবটিকে সেভেন আপের স্বাদ দিতে তখন বাকি আর একটি মাত্র গোল। ম্যাচের একেবারে শেষ মুহুর্তে আবারো সেই মেসি ঝলক এবার গোল করলেন ফ্রী কিক থেকে, আর তাতেই সেভেন আপের সাদ পায় কানাডা থেকে মায়ামির নু স্টেডিয়ামে উড়ে আসা ক্লাব সি এফ মন্ট্রিয়েল। আর লিওনেল মেসি ৯ম বারের মত কোন ম্যাচে ৪ গোলের দেখা পেলেন।

সবশেষ ৫ ম্যাচে ৪ হারের পর এই জয়ে ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থান আরও শক্ত করেছে মেজর লিগ সকারের টিম ইন্টার মায়ামি।

প্রাইমটিভি/এআই