ডুয়ান ইয়ানসেনের দুর্দান্ত বোলিংয়ের পর ডেওয়াল্ড ব্রেভিসের ঝড়ো ব্যাটিংয়ে অপরাজিত অর্ধশতকে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। শনিবার (২৯ আগস্ট) রাতে নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে নামিবিয়ার আয়োজনে চলা টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে এই জয় পেয়েছে প্রোটিয়ারা।

এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। তবে তার সিদ্ধান্ত শেষ পর্যন্ত কাজে আসেনি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। দলের হয়ে শেষদিকে ঝড় তুলেছিলেন তাদিওয়ানাশে মারুমানি। ১৫.১ ওভারে জিম্বাবুয়ের স্কোর যখন ৫উইকেটে ৯৪, তখন উইকেটে আসেন উইকেটকিপার-ব্যাটার মারুমানি। এরপর প্রোটিয়া বোলারদের ওপর চড়াও হয়ে মাত্র ৩০ রানের ক্যামিও ইনিংস খেলেন তিনি। ৩টি ছক্কা ও একটি চারে সাজানো তার ইনিংসটি শেষ হয় ইনিংসের ১৯তম ওভারের শেষ বলে।

এর আগে ব্রায়ান বেনেট ও বেন কারানের ব্যাটে ভালো শুরু পেয়েছিল জিম্বাবুয়ে। দুজন মিলে দ্রুত ৪৫ রানের জুটি গড়েন। ১২ বলে ২৪ রান করে প্রথমে আউট হন কারান। অন্যদিকে বেনেট ১২তম ওভার পর্যন্ত ব্যাট করে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। ৩৫ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৩৪ রান করেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ডুয়ান ইয়ানসেন। ৪ ওভারে ৪৫ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। প্রেনেলান সুব্রায়েন পান ২ উইকেট। এথান বোশ, কুয়েনা মাফাকা ও অধিনায়ক বিয়র্ন ফোরটুইন একটি করে উইকেট শিকার করেন।

১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য কোনো ধরনের সমস্যায় পড়েনি দক্ষিণ আফ্রিকা। মাত্র ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে তারা। হাতে ছিল আরও ৩৮ বল।

এই জয়ে বড় অবদান রাখেন ডেওয়াল্ড ব্রেভিস। এটি চলতি সিরিজে তার টানা দ্বিতীয় অর্ধশতক। চতুর্থ ওভারে বাঁহাতি ওপেনার জর্ডান হারম্যান ২০ রানে ফিরে যাওয়ার পর ক্রিজে আসেন ব্রেভিস। এরপর পুরো রান তাড়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি।

মাত্র ৩২ বলে ৭টি চার ও ৬টি ছক্কায় অপরাজিত ৭৫ রান করে দক্ষিণ আফ্রিকাকে জয়ের বন্দরে পৌঁছে দেন ব্রেভিস। ১৪তম ওভারেই তার ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচ শেষ করে প্রোটিয়ারা। ব্রেভিসকে ভালোভাবে সঙ্গ দেন ওপেনার লুয়ান-দ্রে প্রিটোরিয়াস (২২), টনি ডি জর্জি (১৫) এবং অপরাজিত ১১ রান করা রুবিন হারমান। জিম্বাবুয়ের হয়ে ব্র্যাড ইভান্স, নিউম্যান নিয়ামহুরি ও ব্লেসিং মুজারাবানি একটি করে উইকেট নেন।

এই জয়ের ফলে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে দক্ষিণ আফ্রিকা। এক ম্যাচে তাদের হারিয়ে আসর শুরু করা স্বাগতিক নামিবিয়াকে টপকে শীর্ষস্থান দখল করেছে প্রোটিয়ারা।

প্রাইমটিভি/এআই