বিড়ি ধরানো নিয়ে বাবা-ছেলের মারামারি থামাতে গিয়ে প্রা'ণ গেল চাচার

ছবি: এ আই
রাজশাহীর পবা উপজেলায় বাবা-ছেলের মধ্যে মারামারি থামাতে গিয়ে হাঁসুয়ার কোপে ইদ্রিস আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার ভাই আবু বকর সিদ্দিক।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার বড়গাছী ইউনিয়নের দাঁদপুর বাগিচাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইদ্রিস আলী ওই এলাকার বাসিন্দা।
স্থানীয়দের ভাষ্য, জমিতে ধান চাষের জন্য পাট কাটার সময় ছেলে আলফাজ বাবার সামনে বিড়ি ধরান। এতে ক্ষুব্ধ হয়ে বাবা আবু বকর সিদ্দিক তাকে বকাঝকা করেন। এ নিয়ে দুজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি, পরে হাতাহাতি শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় কয়েকজন তাদের মারামারি থামিয়ে বাড়িতে চলে যেতে বলেছিলেন। তবে কিছুক্ষণ পর বাবা-ছেলের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়। এ সময় তাদের থামাতে এগিয়ে যান আলফাজের চাচা ইদ্রিস আলী। অভিযোগ রয়েছে, একপর্যায়ে আলফাজের হাঁসুয়ার কোপে বাবা আবু বকর সিদ্দিক ও চাচা ইদ্রিস আলী গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শী আক্তার বলেন, বাবা-ছেলেকে মারামারি থামিয়ে বাড়িতে যেতে বলা হয়েছিল। কিন্তু তারা ফের সংঘর্ষে জড়ালে ইদ্রিস আলী থামাতে এগিয়ে যান। এ সময় হাঁসুয়ার আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইদ্রিস আলীকে মৃত ঘোষণা করেন। আহত আবু বকর সিদ্দিক চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের দাবি, অভিযুক্ত আলফাজ গত ২৩ আগস্ট নারী ও শিশু নির্যাতন মামলায় কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরেন। তার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগও রয়েছে।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, হাঁসুয়ার কোপে ইদ্রিস আলী নিহত এবং আবু বকর সিদ্দিক আহত হয়েছেন। অভিযুক্তকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রাইমটিভি/এমআর

প্রাইম রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









