টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে নদীতে ডুবে পর্যটকের মৃত্যু

আব্দুল মাজেদ পিকলু (২৪)
সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর আব্দুল মাজেদ পিকলু (২৪) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাঁও বাজারসংলগ্ন মানাই নদীতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় দুপুর ১টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত পিকলু রাজশাহী সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের মধ্যনওদাপাড়া এলাকার বন বিভাগকর্মী নুরুল ইসলাম বাবুর ছেলে। তিনি রাজশাহীর মোহনপুর সরকারি ডিগ্রি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে রাজশাহী থেকে আসা পিকলুসহ ১০ সদস্যের একটি পর্যটক দল মধ্যনগর উপজেলা থেকে নৌকা ভাড়া করে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশে রওনা দেয়। পথে লামাগাঁও বাজারের পাশে মানাই নদীতে নৌকাটি নোঙর করা হয়।
এ সময় দলের কয়েকজন বাজারে কেনাকাটা করতে গেলে অন্যরা নদীতে নেমে গোসল করছিলেন। একপর্যায়ে পিকলু নৌকা থেকে নদীতে লাফ দিয়ে পানিতে নামার পর আর ভেসে ওঠেননি।
বিষয়টি টের পেয়ে তাঁর বন্ধুরা ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন। প্রায় তিন ঘণ্টা খোঁজাখুঁজির পর দুপুর ১টার দিকে নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ মোরাদ বলেন, টাঙ্গুয়ার হাওরে পৌঁছানোর আগেই পর্যটকরা এ মর্মান্তিক ঘটনার শিকার হন। স্থানীয়দের দীর্ঘ চেষ্টার পর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।
তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসনাত চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি নৌকাসহ তাহিরপুর থানায় নেওয়া হচ্ছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে, পর্যটন মৌসুমে টাঙ্গুয়ার হাওর ও আশপাশের নদী-জলাশয়ে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নৌযানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, লাইফ জ্যাকেট ব্যবহার এবং ঝুঁকিপূর্ণ স্থানে গোসলের ক্ষেত্রে আরও সতর্কতা বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
প্রাইমটিভি/এমআর

জেলা প্রতিনিধি
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









