যুক্তরাষ্ট্র থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কিনছে ৪ দেশ

ছবিঃ সংগৃহীত
রাশিয়ার ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের নির্মাতা প্রতিষ্ঠানের কাছ থেকে সরাসরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে ন্যাটোর চার সদস্য দেশ। এ উদ্যোগে অংশ নিয়েছে কানাডা, ডেনমার্ক, জার্মানি ও নরওয়ে।
একই সঙ্গে নরওয়ে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে অতিরিক্ত ৩০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে।
নরওয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নতুন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদন ও সরবরাহে সময় লাগতে পারে। তাই দ্রুত সহায়তা নিশ্চিত করতে যেসব দেশের কাছে ইতোমধ্যে প্যাট্রিয়ট ব্যবস্থা রয়েছে, সেখান থেকেও ক্ষেপণাস্ত্র সংগ্রহ করে ইউক্রেনের কাছে হস্তান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে।
নরওয়ের প্রধানমন্ত্রী ইউনাস গার স্তোরে বলেন, ইউক্রেন বর্তমানে অধিকাংশ ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলার সক্ষমতা আরও বাড়ানো জরুরি। বর্তমান পরিস্থিতিতে এটিই দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক প্রয়োজন।
তুরস্কের রাজধানী আঙ্কারায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর স্তোরে জানান, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদারে নরওয়ে অতিরিক্ত অর্থায়নের সিদ্ধান্ত নিয়েছে।
রাশিয়ার ধারাবাহিক বিমান হামলার মুখে ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে ন্যাটো মিত্রদের এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: সিএনএন

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








