প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনার দেশত্যাগের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতির সমাপ্তি ঘটেছে এবং দলটি আর দেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে বলে তিনি বিশ্বাস করেন না।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জেলার সুধীজনদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, “গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে গেছে। আওয়ামী লীগের রাজনীতি দিল্লিতে দাফন হয়ে গেছে। শেখ হাসিনা পালিয়ে না গেলে অন্য কিছু হতে পারত। তবে যেহেতু তিনি পালিয়ে গেছেন, আওয়ামী লীগ আর দেশের রাজনীতিতে ফিরতে পারবে বলে আমার বিশ্বাস হয় না।”

এ সময় তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতের রাজনীতিরও সমালোচনা করেন। তার দাবি, “এনসিপি নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বললেও তারা নতুন ভণ্ডবস্তের রাজনীতি শুরু করেছে। এনসিপির রাজনীতি এখন জামায়াতের পরামর্শে পরিচালিত হচ্ছে।” একই সঙ্গে তিনি এনসিপিকে গঠনমূলক রাজনীতি করার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক দর্শনের প্রসঙ্গ তুলে রাশেদ খাঁন বলেন, বর্তমান প্রধানমন্ত্রী প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না এবং দলীয় নেতাকর্মীদেরও এ ধরনের রাজনীতি থেকে দূরে থাকার নির্দেশনা দিয়ে আসছেন। তিনি বলেন, “দেশটা সবাইকে নিয়ে মিলেমিশে গড়ে তুলতে হবে—এটাই প্রধানমন্ত্রীর বার্তা।”

এনসিপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণীকে নিয়ে কটূক্তির অভিযোগও করেন রাশেদ খাঁন। তিনি বলেন, জুলাই পদযাত্রায় এনসিপির নেতারা স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে আপত্তিকর মন্তব্য করছেন, যা জনগণের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করছে।

রাশেদ খাঁন আরও বলেন, “গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার অর্থ এই নয় যে, কেউ আইন লঙ্ঘন করলেও ছাড় পাবে। আইন তার নিজস্ব গতিতে চলছে।”

প্রাইমটিভি/এমআর