রোববার (৩০ আগস্ট) ডারউইনের গার্ডেন ওভালে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ এইচপি। শুরুটা আশাব্যঞ্জক হলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি তারা।

২.৪ ওভারে ২৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার হাবিবুর রহমান সোহান ফেরেন ৩ রান করে। এরপর জিসান আলম ও আরিফুল ইসলাম ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন। জিসান ৩০ এবং আরিফুল ১৯ রান করেন। তবে তাঁদের বিদায়ের পর আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি।

আবদুল গাফফার সাকলাইন ১০ ও আবু হায়দার রনি ১২ রান করেন। সাব্বির রহমান, শামীম পাটোয়ারী ও অধিনায়ক ইরফান শুক্কুর ব্যাট হাতে ব্যর্থ হন। ইরফান প্রথম বলেই (গোল্ডেন ডাক) আউট হন।

১৭.১ ওভারেই ১০১ রানে অলআউট হয় ২০২৪ সালের টুর্নামেন্টের রানার্সআপ বাংলাদেশ এইচপি। ভিক্টোরিয়ার হয়ে উইল সাদারল্যান্ড ৪টি উইকেট নেন। এ ছাড়া আরও তিন বোলার ২টি করে উইকেট শিকার করেন।

শেষ মুহূর্তে জয় ভিক্টোরিয়ার

১০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১ রানেই প্রথম উইকেট হারায় ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ছোট ছোট ইনিংসে লক্ষ্যের দিকে এগিয়ে যায় তারা।

শেষদিকে ম্যাচ জমে ওঠে। বাংলাদেশের স্পিনার মোহাম্মদ রুবেল ঘূর্ণিতে ভিক্টোরিয়া চাপে পড়ে যায়। জয়ের জন্য শেষ পর্যন্ত ২ বল হাতে রেখে ৯ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়ার দলটি।

ভিক্টোরিয়ার হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন ক্যাম্পবেল ক্যালাওয়ে। বাংলাদেশের পক্ষে মোহাম্মদ রুবেল ৩টি এবং শামীম পাটোয়ারী ২টি উইকেট নেন।

এই জয়ে টপএন্ড টি-টোয়েন্টির ফাইনালে জায়গা করে নিল ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি।