তারকাশিল্পী ও ব্যান্ড নিয়ে ‘বর্ষা বিপ্লবের গান’

ছবি: সংগৃহীত
ঐতিহাসিক জুলাইয়ের স্মৃতি, গণআন্দোলনের চেতনা এবং ঐক্যবদ্ধ সাংস্কৃতিক প্রতিবাদের বার্তা ধারণ করে আগামী ৫ আগস্ট রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা-সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওপেন এয়ার কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’।
‘মুনসুন কালচারাল অ্যালায়েন্স’-এর উদ্যোগে আয়োজিত এই কনসার্টে অংশ নেবেন দেশের জনপ্রিয় তারকাশিল্পী ও ব্যান্ডগুলো। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে এবং এতে যে কেউ অংশ নিতে পারবেন।
কনসার্টের লাইনআপে রয়েছে দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা পাশাপাশি একক শিল্পী আসিফ আকবর, সেজান এবং ব্যান্ড দল কুঁড়েঘর।
এছাড়া বিশেষ পরিবেশনায় থাকবেন নাহিদ অ্যান্ড মিউজিশিয়ান, কাজি আহনাফ তাহমীদসহ আরও বেশ কয়েকজন জনপ্রিয় সংগীতশিল্পী। আয়োজকদের প্রত্যাশা, সংগীতের মাধ্যমে এই আয়োজন নতুন প্রজন্মকে ঐতিহাসিক চেতনার সঙ্গে সম্পৃক্ত করবে এবং একত্র হওয়ার এক অনন্য উপলক্ষ তৈরি করবে।
অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে বেশ আগ্রহ তৈরি হয়েছে। অংশগ্রহণকারী শিল্পীরাও নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে কনসার্টে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করে দর্শক-শ্রোতাকে আমন্ত্রণ জানিয়েছেন।
ব্যান্ডদল শিরোনামহীন এক ভিডিওবার্তায় বলে, ‘‘গণঅভ্যুত্থানের স্মরণে ৫ আগস্ট আমরা শিরোনামহীন মানিক মিয়া অ্যাভিনিউতে আসছি ‘বর্ষা বিপ্লবের গান’ নিয়ে। একসঙ্গে গাইবো আমাদের সম্মিলিত সাহস ও ভালোবাসার গান। সবাইকে সঙ্গে চাই।’’ তাদের এই বার্তা প্রকাশের পর ভক্তদের মধ্যে অনুষ্ঠানটি নিয়ে উৎসাহ আরও বেড়ে যায়।
তরুণ শিল্পী সেজান বলেন, ‘একটা মঞ্চ, হাজারো কণ্ঠ আর একটাই অনুভূতি–একসঙ্গে গাইব, একসঙ্গে থাকব। ৫ আগস্ট দেখা হবে।’
অন্যদিকে কুঁড়েঘর ব্যান্ডের ভোকাল তাসরিফ খান এক ভিডিও বার্তায় বলেন, ‘‘তারুণ্যের ব্যান্ড ‘কুঁড়েঘর’ বিপ্লব করছে গানে গানে, প্রশ্ন তুলছে সবখানে। কুঁড়েঘরের সঙ্গে কণ্ঠ মেলাতে ৫ আগস্টে চলে আসুন ‘বর্ষা বিপ্লবের গান’ এ।’’
তিনি আরও বলেন, ‘গান শুধু বিনোদন নয়, মানুষের অনুভূতি আর ইতিহাসেরও ভাষা। আমরা সবাই একসঙ্গে গাইব, সবার সঙ্গে দেখা হবে কসসার্টে।’
আয়োজকদের ভাষ্য, ঐতিহাসিক দিনটিকে স্মরণ করার পাশাপাশি সংগীতের মাধ্যমে মানুষের মধ্যে সম্প্রীতি, ঐক্য এবং সাংস্কৃতিক চেতনা জাগিয়ে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। উন্মুক্ত এই কনসার্টে সব বয়সী মানুষ অংশ নিতে পারবেন। তারা আশা করছেন, হাজারো দর্শকের উপস্থিতিতে ‘বর্ষা বিপ্লবের গান’ শুধু একটি সংগীতানুষ্ঠান নয়, বরং একটি স্মরণীয় সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হবে।
এই আয়োজন ঘিরে ইতোমধ্যে নিরাপত্তা, মঞ্চ নির্মাণ এবং দর্শক ব্যবস্থাপনার প্রস্তুতি সম্পন্ন করার কাজ চলছে। রাজধানীবাসীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগীতপ্রেমীদের উপস্থিতিতে কনসার্টটি হবে দিনটির অন্যতম আকর্ষণ–এমন প্রত্যাশাই আয়োজক ও অংশগ্রহণকারী শিল্পীদের।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









