হামলা বন্ধের অনুরোধের দাবি নাকচ ইরানের, 'বোকা ট্রাম্পের দম ফুরিয়ে গেছে'

ছবি:সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি—ইরানের অনুরোধে দেশটির ওপর সম্ভাব্য হামলা স্থগিত করা হয়েছে—সরাসরি নাকচ করেছে ইরানের রাষ্ট্রীয় ও আধা-সরকারি গণমাধ্যম। বরং ট্রাম্পকে কটাক্ষ ও বিদ্রুপ করেছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম।
শনিবার (১ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে। তিনি আরও বলেন, একটি সম্ভাব্য চুক্তির রূপরেখা নিয়ে সমঝোতা হয়েছে এবং এর অংশ হিসেবে হরমুজ প্রণালি তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ উন্মুক্ত করা হবে।
তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি যে, তেহরান হামলা বন্ধের অনুরোধ করেছে বা হরমুজ প্রণালি নিয়ে তাদের অবস্থানে কোনো পরিবর্তন এসেছে। বরং আগের মতোই প্রণালিতে নৌ-চলাচল ব্যবস্থাপনায় নিজেদের ভূমিকার ওপর জোর দিয়েছে দেশটি।
ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, ট্রাম্পই শেষ পর্যন্ত নিজের অবস্থান থেকে সরে এসেছেন।
আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এক পোস্টে ট্রাম্পকে ব্যঙ্গ করে লিখেছে, "বোকা ট্রাম্পের দম ফুরিয়ে গেছে।" ফার্সের বরাতে রাজনৈতিক বিশ্লেষক মোরতেজা সেমিয়ারি একটি ফারসি প্রবাদ উল্লেখ করে বলেন, "আমেরিকানদের পাহাড় আবারও একটি ইঁদুরের জন্ম দিয়েছে," অর্থাৎ বড় হুমকির পরও ফল হয়েছে সামান্য।
আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কায়হান অনলাইন মন্তব্য করেছে, প্রায় এক সপ্তাহ ধরে হুমকি দেওয়ার পর ট্রাম্প এখন আবারও চুক্তি কাছাকাছি বলে দাবি করছেন।
অন্যদিকে আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করে বলেছে, ইরান কখনোই হামলা বন্ধের অনুরোধ জানায়নি। তাদের দাবি, ট্রাম্প নিজের হুমকি থেকে সরে এসে সেই সিদ্ধান্তকে বিশ্বের কাছে অনুগ্রহ হিসেবে উপস্থাপনের চেষ্টা করছেন।
মেহর আরও জানায়, যুক্তরাষ্ট্র হামলা চালাক বা না চালাক, ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।
এদিকে, ইরানের একাধিক সংবাদমাধ্যম পশ্চিমা গণমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনও উদ্ধৃত করেছে। বিশেষ করে সিএনএনের এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুত কমে আসার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
আধা-সরকারি তাসনিম নিউজের দাবি, মার্কিন ক্ষেপণাস্ত্রের ঘাটতিই ইরানের বিরুদ্ধে হামলা স্থগিতের অন্যতম কারণ।
তবে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে নতুন করে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








