দুবাই কারাগার থেকে জামিনে মুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদ

ছবি:সংগৃহীত
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। তবে তার জামিনের সঙ্গে বেশ কয়েকটি শর্ত আরোপ করেছেন স্থানীয় আদালত।
স্থানীয় আদালত গত সোমবার (২৭ জুলাই) তার জামিন আবেদন মঞ্জুর করেন। পরে বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তিনি কারাগার থেকে মুক্তি পান।
কারামুক্তির পর বেনজীর আহমেদ বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী তিনি জামিনে মুক্তি পেয়েছেন এবং শারীরিকভাবে সুস্থ আছেন। তবে মামলার চলমান আইনি প্রক্রিয়া নিয়ে এ মুহূর্তে কোনো মন্তব্য করতে চান না।
দুবাইয়ের একাধিক সূত্র জানিয়েছে, জামিনের শর্ত হিসেবে বেনজীর আহমেদের পাসপোর্ট আদালতের হেফাজতে রাখা হয়েছে। এছাড়া আদালতের পূর্বানুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না। বাংলাদেশ সরকারের পাঠানো প্রত্যর্পণ-সংক্রান্ত নথি এবং অন্যান্য আইনি বিষয় শুনানিতে উপস্থাপনের পর আদালত এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো দুবাই কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি।
অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার ভিত্তিতে ইন্টারপোলের সহযোগিতায় দুবাইয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। বর্তমানে তার বিরুদ্ধে বাংলাদেশের আদালতে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।
বেনজীর আহমেদ ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার ছিলেন। ২০২১ সালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





