কয়েক দফা ‘পাল্টি খেয়ে’ খাদে পড়লো যাত্রবাহী বাস, আহত ২০

ছবি:সংগৃহীত
ফরিদপুর-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস পানিভর্তি খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর।
রোববার (২ আগস্ট) বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যাত্রী নিয়ে ‘দশমনিয়া পরিবহন’-এর একটি বাস বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বৃষ্টির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েক দফা উল্টে সড়কের পাশের পানিভর্তি খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্য এবং হাইওয়ে থানা পুলিশ যৌথভাবে ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর আহত ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান জানান, বৃষ্টির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকবার উল্টে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। বাসটি উদ্ধারে কিছু সময় লাগবে। উদ্ধার অভিযান শেষে ধারণা করা হচ্ছে, বাসের নিচে আর কোনো যাত্রী আটকে নেই।
ভাঙ্গা ফায়ার স্টেশনের ম্যানেজার আবু জাফর বলেন, কয়েকবার উল্টে যাওয়ার পরও বাসটি পানিভর্তি খাদে গিয়ে সোজা হয়ে দাঁড়ায়। দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে ২০ জনের বেশি যাত্রী আহত হয়েছেন।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





