রোববার (২ আগস্ট) দুপুরে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের ১৪ নম্বর ব্রিজসংলগ্ন বেদ বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন টেকনাফের দক্ষিণ জালিয়াপাড়ার আরমান (২৮) ও সাবরাং কাটাবনিয়ার একরাম (২৩)। তারা দুজনই বিকাশের সেলসম্যান হিসেবে কর্মরত।

আহত আরমানের চাচা জাফর জানান, ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর আরমান ও একরাম টেকনাফ থেকে পালকি পরিবহনের একটি বাসে করে হ্নীলার একটি বিকাশ এজেন্টের দোকানে টাকা পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে ১৪ নম্বর ব্রিজসংলগ্ন বেদ বাগান এলাকায় আগে থেকেই ওঁৎ পেতে থাকা ডাকাতরা মহাসড়কে গাছ ফেলে বাসটির গতিরোধ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাস থামার সঙ্গে সঙ্গে দেশীয় অস্ত্র ও ধারালো ছুরি নিয়ে কয়েকজন ডাকাত বাসে উঠে বিকাশের দুই কর্মীকে লক্ষ্য করে হামলা চালায়। তাদের ছুরিকাঘাত করে সঙ্গে থাকা প্রায় ৫৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।

ঘটনার খবর পেয়ে পুলিশ, বিজিবি, কোস্ট গার্ড ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। এ সময় ডাকাতদের ফেলে যাওয়া কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে অভিযানের আগেই তারা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, ডাকাত দলের সদস্যদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনাটি তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রাইমটিভি/এমআর