১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা

ছবি:সংগৃহীত
আগস্ট মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৯৮ টাকা, যা জুলাই মাসের তুলনায় ৭০ টাকা বেশি।
রোববার (২ আগস্ট) বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানায়, ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির দাম প্রতি কেজি ১৩৩ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম আজ রোববার সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
এর আগে জুলাই মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা। ওই মাসে জুনের ১ হাজার ৮৮৫ টাকা থেকে দাম ৩৫৭ টাকা কমানো হয়েছিল।
এদিকে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৭৩ টাকা ৬৭ পয়সা, যা জুলাই মাসে ছিল ৭০ টাকা ৪০ পয়সা।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন জানায়, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যয়ের ভিত্তিতে প্রতি মাসে এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





