রাজধানী ঢাকার চারপাশে ১১০ কিলোমিটার বৃত্তাকার নৌপথে ওয়াটার বাসসহ আধুনিক নৌপরিবহন ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে চারটি নদীতে ওয়াটার বাস পরিচালনায় বেসরকারি খাতকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (২ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ উন্নয়ন সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানান, চারটি নদীতে ওয়াটার বাস পরিচালনায় বেসরকারি প্রতিষ্ঠানকে যুক্ত করতে দুই মাসের পরিকল্পনা নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তাদের সম্পৃক্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী বলেন, আশুলিয়া থেকে সদরঘাট হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত নদীপথের একটি অংশ যাত্রীবান্ধব হওয়ায় সেখানে নৌপরিবহনের সম্ভাবনা রয়েছে।

ওয়াটার বাসের জনপ্রিয়তা প্রসঙ্গে তিনি বলেন, হাতিরঝিলে স্বল্প দূরত্বে ওয়াটার বাস চলাচল করে এবং যাত্রীর চাপও বেশি। যানজটের বড় ধরনের সমস্যা না থাকায় সেবাটি জনপ্রিয় হয়েছে। তবে দেড় থেকে দুই ঘণ্টার দীর্ঘ নৌরুটে, যেখানে সড়কপথে একই গন্তব্যে ৩০ থেকে ৪০ মিনিটে পৌঁছানো যায়, সেখানে যাত্রীরা ওয়াটার বাসে আগ্রহ হারান।

নৌপরিবহনমন্ত্রী আরও জানান, ঢাকার চারপাশের বৃত্তাকার নৌপথে গত ১০ বছরে প্রায় ৫৭ কোটি টাকা লোকসান হয়েছে। এ কারণে নৌপথকে কীভাবে লাভজনক ও টেকসই করা যায়, সে বিষয়ে নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

প্রাইমটিভি/এমআর