রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। তিনি বলেন, দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক পুলিশ বাহিনী গড়ে তুলতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে।

রোববার (২ আগস্ট) সকালে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, সেবা নিতে এসে কোনো মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র নতুনভাবে মুক্ত হয়েছে। বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যাশা বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীকে পেশাদারিত্ব, সততা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের ৫৮ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে কর্মজীবনে প্রবেশ করেন। কুচকাওয়াজ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে তিনি মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের ছাত্র গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নবীন পুলিশ কর্মকর্তাদের চেইন অব কমান্ড বজায় রেখে আইনের শাসন প্রতিষ্ঠা, বৈষম্যহীন সমাজ গঠন এবং জনমনে আস্থা ফিরিয়ে আনতে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু (এমপি), পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির এবং বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপ্যাল অ্যাডিশনাল আইজিপি জি এম আজিজুর রহমান।

প্রাইমটিভি/এনজি