বাংলাদেশের চলচ্চিত্রে দীর্ঘদিন ধরে চলে আসা ভৌতিক বা হরর ঘরানার ঘাটতি পূরণে নিয়ে আসা হচ্ছে নতুন সিনেমা ‘আন্ধার’। রায়হান রাফীর বিশাল আয়োজনের এই সিনেমাটি নিয়ে বিনোদনপাড়ায় আগেই কৌতুহল ছিল, যা সম্প্রতি নেটদুনিয়ায় পোস্ট করা শুটিংয়ের একটি মনিটর স্ক্রিনশট আরও বাড়িয়ে দিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্রনায়িকা নাজিফা তুষির একটি ছবি শেয়ার করে নির্মাতা রায়হান রাফী একে ভৌতিক রোমাঞ্চের মাঝে এক ‘মোহময় উপস্থিতি’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি জানান, সিনেমাটিতে দর্শক তুষিকে সম্পূর্ণ নতুন এবং আকর্ষণীয় রূপে দেখতে পাবেন।

রেডিও শো ‘ভৌতিস্ট’-এর দীর্ঘ অভিজ্ঞতা থেকে ছবিটির মূল গল্প তৈরি করেছেন শাকিব চৌধুরী ও বেজবাবা সুমন, যার পরবর্তীতে চিত্রনাট্যের বুননে যুক্ত হন আদনান আদিব খান।

কসমিক থ্রিলার ঘরানার এই সিনেমাটিতে তারকাদের এক বিশাল মিলনমেলা ঘটেছে। অভিনয় করছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার ও তানজিকা আমিনের মতো জনপ্রিয় অভিনয়শিল্পীরা। এ ছাড়া এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক ঘটছে দুই তরুণ মুখ—ফররুখ আহমেদ রেহান ও স্বর্ণালী চৈতির। সব মিলিয়ে ‘আন্ধার’ ঢালিউডের ভৌতিক ধারায় নতুন হাওয়া বইয়ে দেবে বলে আশা করা হচ্ছে।

প্রাইমটিভি/বিএম