ঢাকাই চলচ্চিত্রের সেই ইলিয়াস কোবরা এখন কোথায়, কী করেন?

ছবি: সংগৃহীত
একসময় ঢালিউডের চলচ্চিত্রে তার উপস্থিতি মানেই ছিল নায়ক-খলনায়কেরলড়াই। মার্শাল আর্টের মারমার-কাটকাট অ্যাকশন দৃশ্যে দর্শকরা পর্দায় খুঁজে পেতেন ইলিয়াস কোবরাকে। ১৯৮৭ সালে সোহেল রানা পরিচালিত ‘মারুফ শাহ’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হওয়া এই অভিনেতা চার দশকের ক্যারিয়ারে পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক ক্রীড়া, সাংস্কৃতিক সম্পাদক ও সহ-সভাপতি।
তবে রূপালী পর্দার সেই আলো-ঝলমলে জীবন এখন শুধুই স্মৃতি। বিলাসিতা ও উচ্চাভিলাষ ছেড়ে তিনি ফিরে গেছেন নিজ জন্মভূমি কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়া পাড়ায়। জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে এখন তিনি নিজের গ্রামে এক শান্ত ও ধার্মিক জীবনযাপন করছেন।
বর্তমানে তাঁর দিন কাটে মসজিদে ইবাদত-বন্দেগি, কৃষিকাজ, গরু-ছাগলের খামার দেখাশোনা এবং সামাজিক কর্মকাণ্ডে। গ্রামের মানুষের কাছে তিনি এখন একজন শ্রদ্ধেয় সমাজসেবী। স্থানীয়রা ভালোবাসা ও সম্মান জানিয়ে একটি বাজারের নামও রেখেছেন ‘ইলিয়াস কোবরা বাজার’।
পর্দার সেই পরাক্রমশালী খলনায়ক আজ রূপালী জগতে আর ফিরতে চান না। জীবনের বাকি সময়টা জন্মভূমির মাটিতে কৃষিকাজ, ধর্মচর্চা আর মানুষের সেবা করেই পার করে দিতে চান।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









