আজ বুধবার বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম পবিত্র ও প্রধান ধর্মীয় উৎসব আষাঢ়ী পূর্ণিমা উদযাপিত হচ্ছে। বৌদ্ধ ধর্মে দিনটির তাৎপর্য অপরিসীম। ইতিহাস অনুযায়ী, এই শুভ দিনেই বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ করেছিলেন, ২৯ বছর বয়সে সংসার ও গৃহত্যাগ করেছিলেন এবং ভারতের সারানাথে তার প্রথম পাঁচজন শিষ্যের কাছে প্রথম ধর্মদেশনা বা ‘ধর্মচক্র প্রবর্তন সূত্র’ উপস্থাপন করেছিলেন। ধর্মীয় গুরুত্ব বিবেচনায় এ উপলক্ষে আজ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

উৎসবটি উদযাপনে সারা দেশের বৌদ্ধ সম্প্রদায় দিনব্যাপী নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করেছে। বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের উদ্যোগে রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ মহাবিহারে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয় ভোরে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। দিনের অন্য কর্মসূচির মধ্যে রয়েছে ভিক্ষুসংঘের প্রাতঃরাশ, বুদ্ধপূজা ও শীল গ্রহণ, পিন্ডদান, অতিথি আপ্যায়ন, বিকেলে পবিত্র ত্রিপিটক পাঠ ও ধর্মীয় আলোচনা সভা। এছাড়া সন্ধ্যায় প্রদীপ পূজা, আলোকসজ্জা এবং বিশ্বশান্তি ও দেশের সমৃদ্ধি কামনায় সমবেত প্রার্থনার আয়োজন রাখা হয়েছে।

একইভাবে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উদ্যোগে রাজধানীর সবুজবাগের ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারেও ধর্মীয় মর্যাদায় দিনব্যাপী অনুরূপ নানা কর্মসূচির মধ্য দিয়ে আষাঢ়ী পূর্ণিমা উদযাপিত হচ্ছে।

প্রাইমটিভি/বিএম