বিশ্বকাপ মানেই বিশ্বের সব বড় দলকে এক মঞ্চে দেখার সুযোগ। কিন্তু ২০২৭ ওডিআই বিশ্বকাপের পরিসর ছোট করার সিদ্ধান্তে ঠিক উল্টো পথেই হাঁটছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ। ১৪ দল থেকে কমিয়ে ১২ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্তের পাশাপাশি বাছাই পর্বের কাঠামো নিয়েও প্রশ্ন তুলেছেন ১৯৯৯ বিশ্বকাপজয়ী এই অজি কিংবদন্তি।

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৭ আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। শুরুতে টুর্নামেন্টে ১৪টি দল অংশ নেয়ার কথা থাকলেও পরে দলসংখ্যা কমিয়ে ১২ তে রুপান্তর করা হয়। নতুন কাঠামো অনুযায়ী, ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি মূল পর্বে জায়গা পাবে। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে মিলে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করবে মোট ১০টি দল।

বাকি দুটি প্লেস নির্ধারিত হবে বাছাইপর্বের মাধ্যমে। বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল পাবে ১১তম পজিশন। আর ১২ থেকে ১৪ নম্বরে থাকা দলগুলোর ত্রিদেশীয় সিরিজের বিজয়ী দল পাবে শেষ টিকিট। আইসিসির এই পরিকল্পনাই পছন্দ হয়নি স্টিভ ওয়াহর। দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বিশ্বকাপের দলসংখ্যা কমানোর সিদ্ধান্ত ক্রিকেটের বৈশ্বিক সম্প্রসারণের ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

স্টিভ ওয়াহর ভাষায়, এটি ‘পেছনের দিকে চলার প্রক্রিয়া’। তার প্রশ্ন, ওয়ানডে বিশ্বকাপ ১৪ দল থেকে কমিয়ে ১২ দলে নামিয়ে আনার যৌক্তিকতা কোথায়? উদাহরণ হিসেবে তিনি ফুটবল বিশ্বকাপের প্রসঙ্গ টেনে বলেন, ফিফা যেখানে বিশ্বকাপের দলসংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করেছে, ক্রিকেট সেখানে উল্টো পথে হাঁটছে।

ওয়াহ মনে করেন, ক্রিকেটকে সত্যিকারের বৈশ্বিক খেলায় পরিণত করতে হলে আরও বেশি দেশকে বড় মঞ্চে সুযোগ দিতে হবে। তার মতে, শক্তিশালী দলগুলোর বিপক্ষে নিয়মিত খেলার সুযোগ পেলেই সহযোগী ও উদীয়মান দেশগুলো নিজেদের মান উন্নত করতে পারবে।

 ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের কাঠামো নিয়ে আইসিসির সিদ্ধান্তে আপত্তি জানানোদের তালিকায় এবার যোগ হলো স্টিভ ওয়াহর নাম। এর আগে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের ক্রিকেট বোর্ডও আইসিসির সিদ্ধান্তে প্রকাশ্যে হতাশা জানিয়েছে।

প্রাইমটিভি/এআই