টানা ভারী বর্ষণ, জলাবদ্ধতা এবং পাহাড়ধসের ঝুঁকির কারণে রাঙামাটি জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক দিনের জন্য শ্রেণি পাঠদান বন্ধ ঘোষণা করেছে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ। তবে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক থাকবে।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কফিল উদ্দিন।

তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পাশাপাশি পাহাড়ধসের আশঙ্কাও বেড়েছে। এ অবস্থায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত নিরাপদ নয়। বিশেষ করে পাহাড়ি পথ, খরস্রোতা ছড়া ও ঝিরি পার হয়ে যেসব শিক্ষার্থী বিদ্যালয়ে আসে, তাদের জন্য বর্তমান পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরও জানান, জেলার বিভিন্ন উপজেলায় বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্র চালু থাকায় সেখানে নিয়মিত পাঠদান পরিচালনা করাও সম্ভব হচ্ছে না।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার (৯ জুলাই) জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিদ্যালয় অফিস খোলা থাকবে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

প্রাইমটিভি/এমএইচ