জাবেরের পর এবার পদ ছাড়লেন জুমা

ছবিঃ সংগৃহীত
ইনকিলাব কালচারাল সেন্টারের বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল জাবের এবং ভাইস প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাকালীন সদস্য ফাতিমা তাসনিম জুমা সংগঠনটির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে শহীদ ওসমান হাদির ওয়ারিশদের দাবির প্রেক্ষিতে ইনকিলাব কালচারাল সেন্টার তাদের কাছে হস্তান্তরের সিদ্ধান্তের কথাও জানিয়েছেন তারা।
বুধবার (৮ জুলাই) নিজেদের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পৃথক পোস্টে এ ঘোষণা দেন দুই নেতা।
আব্দুল্লাহ আল জাবের তার পোস্টে জানান, শহীদ ওসমান হাদি শাহাদাতের আগে ইনকিলাব কালচারাল সেন্টারের জন্য একটি ট্রাস্ট গঠনের উদ্যোগ নিয়েছিলেন। তবে তিনি জীবিত অবস্থায় তা সম্পন্ন করতে পারেননি। প্রতিষ্ঠার শুরু থেকেই সংগঠনটিকে ‘জনতার আমানত’ হিসেবে পরিচালনার পরিকল্পনা ছিল বলেও উল্লেখ করেন তিনি।
জাবের বলেন, গত ছয় মাস ধরে ওয়ারিশসংক্রান্ত বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও পরিস্থিতি আরও জটিল হয়েছে। তাই শহীদ ওসমান হাদির সম্মান, তার ওয়ারিশদের দাবি এবং বিদ্যমান দলিল-দস্তাবেজ বিবেচনায় ইনকিলাব কালচারাল সেন্টার দাবিদারদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, শহীদ ওসমান হাদির শাহাদাতের পর ঢাকা-৮, সেন্টারসহ সংশ্লিষ্ট কয়েকটি অ্যাকাউন্ট ফ্রিজ থাকায় সেসব হিসাব প্রকাশ করা সম্ভব হয়নি। তবে তার দায়িত্বকালীন সময়ের অন্যান্য সব আর্থিক হিসাব দ্রুত প্রকাশ করা হবে।
অন্যদিকে ফাতিমা তাসনিম জুমা জানান, জুলাই-পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করে বাংলাদেশপন্থি সাংস্কৃতিক চর্চার লক্ষ্য নিয়ে তিনি ইনকিলাব কালচারাল সেন্টারের সঙ্গে যুক্ত হয়েছিলেন। তবে সময়ের সঙ্গে সংগঠনটি সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি রাজনৈতিক পরিসরে প্রবেশ করায় তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন।
জুমা বলেন, শহীদ ওসমান হাদির শাহাদাতের পর ওয়ারিশসংক্রান্ত জটিলতা সামনে আসে। ট্রাস্ট গঠনের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন সম্ভব হয়নি। পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে প্রকাশ্যে নানা আলোচনা, অপপ্রচার ও মানহানিকর মন্তব্য ছড়িয়ে পড়ায় তিনি ব্যক্তিগতভাবে মানসিক চাপের মধ্যে পড়েন।
তিনি জানান, শহীদ ওসমান হাদির সম্মান রক্ষায়, তার ওয়ারিশদের দাবি এবং বিদ্যমান দলিল-দস্তাবেজের ভিত্তিতে ইনকিলাব কালচারাল সেন্টার দাবিদারদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সঙ্গে তিনি জানান, শাহাদাতের আগের অ্যাকাউন্টগুলো ফ্রিজ থাকলেও তার দায়িত্বকালীন সময়ের সেন্টারের সব হিসাব দ্রুত প্রকাশ করা হবে। ইনকিলাবের প্রতি মানুষের বিশ্বাস ও আস্থা অটুট রাখার পাশাপাশি সাংস্কৃতিক আন্দোলনের পথচলা অন্য মাধ্যমে অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






